রোনালদোর সামনে পিএসজির বড় অংকের টোপ

আপডেট : ২৪ মে ২০১৫, ১১:০৯
 
রিয়াল মাদ্রিদ ও পর্তুগিজের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়াতে চাইছে ফ্রান্সের ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এ জন্য ১২৫ মিলিয়ন ইউরোর মতো বড় অঙ্কের অর্থ দিতেও প্রস্তুত দলটি।
 
আর অল্প কিছুদিন পরই শেষ হয়ে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের চলতি মৌসুম। ২০১৫-১৬ মৌসুমকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইউরোপের বিভিন্ন ক্লাব। মূলত দল গোছাতেই প্রস্তুতি তাদের। বিভিন্ন নামি-দামী, তারকা খেলোয়াড়দের দলে ভেড়াতে চায় ক্লাবগুলো।
 
সেই পরিপ্রেক্ষিতে রিয়ালের সেরা তারকাকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে পিএসজি। রোনালদোকে দলে নিতে হলে বড় অঙ্কও গুণতে হবে তা বেশ ভালোই জানে পিএসজি। এজন্য প্রস্তুতও তারা। রোনাল্ডোর জন্য ১২৫ মিলিয়ন ইউরো দিতে রাজি পিএসজি।
 
এমন খবর কানেও পৌঁছেছে রোনালদোর। তবে এ বিষয় নিয়ে এখনও মুখ খুলেননি সিআরসেভেন। তবে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কথায় হতাশ হবার মতো অবস্থা পিএসজির। পেরেজ বলেন, ‘রোনালদোর সাথে রিয়ালের আরো দুই বছরের চুক্তি রয়েছে। তবে চুক্তি ভেঙে রোনালদো অন্য কোথাও যেতেও পারে। আমরা কোনো বাধা দিতে পারবো না। তবে আসল কথা হলো রোনালদো রিয়ালেই থাকতে চাইছে। মনের ওপর তো আর জোর করা যাবে না।’