ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) অষ্টম আসরের ফাইনালে আজ রবিবার মুখোমুখি হচ্ছে দুরন্ত মুম্বাই ইন্ডিয়ান্স ও অলটাইম ফেভারিট চেন্নাই সুপার কিংস। আইপিএলের ফাইনালের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার একে অপরের মুখোমুখি হচ্ছে দু’দল। কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
অনেক কাঠ-খড় পুড়িয়ে অবিশ্বাস্যভাবে প্রথম দল হিসেবে ফাইনালে নাম লেখায় মুম্বাই। টুর্নামেন্টের শুরুতে যাদের লীগের খেলা শেষ করে কোয়ালিফাইয়ার-এলিমিনেটর রাউন্ডে যাওয়াটাই ছিলো অসম্ভব। আর সেই মুম্বাই কি-না প্রথম দল হিসেবে আইপিএলের অষ্টম আসরে ফাইনালে!
গল্পটা শুনলে অবিশ্বাস্যই মনে হবে। টানা চার হার দিয়ে আইপিএলের যাত্রা শুরু করে মুম্বাই। পঞ্চম ম্যাচে প্রথম জয় পেলেও ষষ্ঠ ম্যাচে আবারো হারের বৃত্তে ঢুকে পড়ে মুম্বাই। ফলে কোয়ালিফাইয়ার-এলিমিনেটর রাউন্ডে যাবার পথ কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ে তাদের। কিন্তু সেই কঠিনকে জয় করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লীগ পর্ব শেষ করে মুম্বাই। কিভাবে? সপ্তম থেকে চৌদ্দ ম্যাচের মধ্যে সাতটি জিতে নেয় রোহিত শর্মার দল। আর একটি ম্যাচে হারে তারা। ফলে ১৪ খেলায় ১৬ পয়েন্ট সংগ্রহের ঝুলিতে পড়ে মুম্বাইয়ের। এরপর প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চেন্নাইকে দাপটের সাথে হারিয়ে তৃতীয়বারের মত আইপিএলের ফাইনালে উঠে মুম্বাই। আগের দু’বারের মধ্যে একটি ফাইনালের শিরোপা জিতে তারা।
তাই আইপিএলে দ্বিতীয়বারের মত শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজ ফাইনাল খেলতে মাঠে নামছে মুম্বাই—এমনটাই জানালেন দলের অধিনায়ক রোহিত শর্মা, ‘ফাইনালে মুম্বাই, এজন্য আমরা ভাগ্যবান। গেল দু’মাস ধরে অনেক বেশি পরিশ্রম করেছি। ভালো খেলার প্রতি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। এখন আমাদের লক্ষ্য শিরোপা জয়।’ মুম্বাই ইন্ডিয়ান্সের মত টুর্নামেন্টের শুরু থেকে কষ্ট করতে হয়নি চেন্নাইকে। প্রথম সাত ম্যাচের ছয়টিতে জিতে কোয়ালিফাইয়ার-এলিমিনেটর রাউন্ডে যাওয়ার পথ অনেকটাই সহজ করে ফেলে তারা। শেষ পর্যন্ত ১৪ খেলায় ১৮ পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে প্রথম কোয়ালিফাইয়ারে মুম্বাইয়ের মুখোমুখি হয় ধোনির দল। কিন্তু সেখানে নিজেদের সেরাটা দেখাতে পারেনি তারা। ২৫ রানে ম্যাচ হারে চেন্নাই।
অন্যদিকে চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ‘গেল তিন মৌসুম শিরোপা জিততে পারিনি আমরা। এবার সেই বন্ধ্যাত্বটা ঘোচাতে চাই। শিরোপা জয়ের জন্য ফাইনালে ভালো খেলতে হবে। ছেলেরা এ ব্যাপারে ভালোই অবগত আছে। শিরোপার জন্য সবাই উদগ্রীব।’
আইপিএলের ইতিহাসে এর আগে দু’বার ফাইনালে মুখোমুখি হয়েছে মুম্বাই ও চেন্নাই। একটি করে ফাইনাল জিতেছে দু’দল। তাই এবারের ফাইনালে যে দল জিতবে, তারাই এগিয়ে যাবে।—বাসস
