মিডিয়াতে সর্বাধিক ‘আশার গুড়েবালি’র খবর হলো পার্থ বড়ুয়ার সলো অ্যালবাম প্রকাশের আগাম খবর। তবে গত একযুগ ধরে বারবার প্রকাশিত পার্থ বড়ুয়ার সেই খবরটি সত্য না হলেও দীর্ঘদিন ধরে শোনা দেশের গুণী কণ্ঠশিল্পী-সাংবাদিক এলিটা করিমের সলো অবশেষে রিলিজ হচ্ছে আজ।
একযুগেরও বেশি সময় ধরে গান করছেন এলিটা করিম। মাহাদীর সঙ্গে দ্বৈত ‘অন্তহীন’, বিভিন্ন মিক্সড, নাটক, টেলিফিল্ম এবং ছবির জন্য এতদিন গেয়েছেন তিনি। তার গাওয়া অনেক গান জনপ্রিয়তাও পেয়েছে।
তবে এতদিন নিজের কোনো একক অ্যালবাম প্রকাশ করেননি এই গায়িকা। নিজ নামেই অ্যালবামটির নাম দিয়েছেন ‘এলিটা’। আজ বিকেলে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে অ্যালবামটির মোড়ক উম্মেচন করা হবে।
অ্যালবামটি প্রসঙ্গে এলিটা বলেন, ‘অবশেষে আমার প্রথম একক অ্যালবাম প্রকাশ হচ্ছে! বিষয়টি ভাবতেই বেশ ভালো লাগছে। আমি সাধারণত যে ধরনের গান করি অ্যালবামটিতে সে ধরনের গানই করেছি। বেশিরভাগ গানই মেলোডি ধাঁচের। আর সঙ্গীতায়োজনের ক্ষেত্রে অ্যাকুস্টিককে প্রাধান্য দেয়া হয়েছে।’
