যৌন নিপীড়ন-জঙ্গি হুমকির বিরুদ্ধে ব্যবস্থার তাগিদ

আপডেট : ২৪ মে ২০১৫, ১৮:০৬
রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যৌন নিপীড়ন ও জঙ্গি হুমকির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে তাগিদ দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। 
 
রাজধানীতে মাইক্রোবাসে তুলে নিয়ে গারো তরুণী ধর্ষণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১০ জনকে হত্যার হুমকি, পহেলা বৈশাখে টিএসসিতে নারীদের ওপর যৌন নিপীড়ন বিষয়ে পুলিশকে সতর্ক করে দিয়ে দ্রুত অপরাধীদের ধরার নির্দেশ দিয়েছে কমিটি।
 
বৈঠক শেষে কমিটির সভাপতি টিপু মুনশি সাংবাদিকদের বলেন, সম্প্রতি ১০ বিশিষ্ট নাগরিককে হুমকি দিয়ে চিঠি পাঠানোয় তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
 
বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শামসুল হক টুকু, ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম ও কামরুন নাহার চৌধুরী অংশ নেন।