খালেদা জিয়া জঙ্গিদের পৃষ্ঠপোষক: হাছান মাহমুদ

আপডেট : ২৪ মে ২০১৫, ১৮:৪৬
 
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া জঙ্গিদের পৃষ্ঠপোষক। দেশে জঙ্গিবাদ নির্মূল   করতে হলে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
 
রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরো বলেন, ব্লগার হত্যা ও বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি একই সূত্রে গাঁথা। এসব কর্মকাণ্ডের ক্ষেত্র যারা তৈরি করেছে তাদেরকে আমরা চিনি। বিএনপি-জামায়াত জঙ্গিই এসব কাজ করছে। এদের মদত দাতা হলেন খালেদা জিয়া। শুধু জঙ্গি দমন করলে হবে না। জঙ্গিদের পৃষ্ঠপোষক খালেদা জিয়াকেও আটক করতে হবে।
 
হাছান মাহমুদ বলেন, আকাশ সংস্কৃতির কারণে দেশে যৌন নির্যাতন বাড়ছে। এই সংস্কৃতি বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছেলে-মেয়েরা অবাধে এমন সব ছবি দেখেছে যা তাদের দেখা উচিত নয়। আর এই সব নিষিদ্ধ ছবি দেখার কারণে তাদের মধ্যে বিকৃত মানসিকতার তৈরি হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যৌন হয়রানি সমূলে নির্মূল করতে হবে।  ছেলে-মেয়েরা যাতে অবাধে এই সব নিষিদ্ধ ছবি দেখতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করুন।
 
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি তারানা হালিমসহ বিশিষ্ট দশজন নাগরিককে আনসারুল্লাহ বাংলা টিমের হত্যার হুমকির প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অরুন সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।