গাড়ি পোড়ানো দু’টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।
বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ শুনানি গ্রহণ করে সোমবার রায়ের জন্য দিন ধার্য রেখেছেন। রবিবার মির্জা আব্বাসের পক্ষে আইনজীবীরা সময় চাইলে আদালত তা নাকচ করে দিয়ে শুনানি শুরুর নির্দেশ দেন। সেই মোতাবেক আব্বাসের পক্ষে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোন, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ শুনানি করেন। তবে শুনানিকালে মির্জা আব্বাস আদালতে উপস্থিত ছিলেন না।
গত ১৫ এপ্রিল হরতাল-অবরোধে গাড়ি পোড়ানো দু’টি মামলায় মির্জা আব্বাসের জামিন প্রশ্নে বিভক্ত রায় দেয় হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী দু’টি মামলায় তাকে তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
অপরদিকে কনিষ্ঠ বিচারক বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর জামিন আবেদন খারিজ করে দিয়ে তাকে দ্রুত নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এরপর প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠান। বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চে রবিবার মামলাটি দু’টি জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
