রাষ্ট্রপতির সঙ্গে পিএসসি চেয়ারম্যানের সাক্ষাৎ

আপডেট : ২৪ মে ২০১৫, ১৯:৫৯
 
 
রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে রবিবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ইকরাম আহমেদ।
 
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানান, বৈঠককালে চেয়ারম্যান ইকরাম আহমেদ পিএসসি’র সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
 
তিনি রাষ্ট্রপতিকে জানান, এ বছরের মার্চ মাসে অনুষ্ঠিত ৩৫তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষায় মোট দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছিল এবং তাদের মধ্যে ২০ হাজার ৩৯১ জন সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন।
 
ইকরাম আহমেদ বলেন, পিএসসি’র ‘অটোমেশন’ বর্তমানে চলছে এবং যখন তা সম্পন্ন হবে, তখন পরীক্ষার সার্বিক প্রক্রিয়া শেষ করতে সময় সাশ্রয়ে তা সহায়ক হবে।
 
রাষ্ট্রপতি আবদুল হামিদ পিএসসি’র সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কর্মকান্ডে আরও গতিশীলতা আনার ওপর গুরুত্বারোপ করেন।
 
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন। খবর বাসস।