সাংবাদিক নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি

আপডেট : ২৪ মে ২০১৫, ২০:০১
সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যদের অবিলম্বে বিচারের দাবি জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। সাংবাদিক নেতারা আগামী সাতদিনের মধ্যে দোষীদের বিচারের আওতায় আনতে আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় বৃহত্ কর্মসূচির হুমকি দেন তারা। 
 
 
রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়। 
 
 
ক্র্যাবের সভাপতি ইসারফ হোসেন ইসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ক্র্যাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, সাবেক সভাপতি আখতারুজ্জামান লাবলু, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন কাওসার, সাবেক অর্থ সম্পাদক মাহবুব আলম লাবলু প্রমুখ। 
 
সমাবেশে বক্তরা নির্যাতন ও ঔদ্ধত আচরণকারী পুলিশ সদস্য এবং কর্মকর্তাদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় পেশাদার সাংবাদিকদের সকল সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ক্র্যাব বৃহত্তর কর্মসূচী ঘোষনা করবে বলে জানানো হয়।
 
উল্লেখ্য, গত ১৮ মে সোমবার দুপুরে রাজধানীর মগবাজার চৌরাস্তায় সাবেক অর্থ সম্পাদক মাহবুব আলম লাবলু, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজিত্ সরকার এবং অফিসার্স ক্লাবের সামনে ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন কাওসারকে নাজেহাল ও হয়রানী করে পুলিশ।  এছাড়া গত ২০ মে বুধবার ফরিদপুরের পুলিশ সুপার দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি পিনাকি দাসগুপ্তের সঙ্গে মোবাইল ফোনে অসৌজন্যমূলক আচারণ করেন।