সব দলের অংশগ্রহণে নির্বাচনী সংলাপ দাবি বিএনপির

আপডেট : ২৪ মে ২০১৫, ২১:৫৩
 
জাতীয় নির্বাচনের জন্য দ্রুততম সময়ের মধ্যে সব দলের অংশগ্রহণে সংলাপে বসতে আবারো সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
 
 রবিবার বিকেলে নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এই দাবি তুলে ধরেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
 
রিপন বলেন, আমরা প্রত্যাশা করি সরকার বিরোধী মতকে সহ্য করে বিরোধীদের তাদের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকারগুলো চর্চার জন্য পথকে সংকুচিত করার নীতি থেকে সরে আসবেন। অতি দ্রুত দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিএনপিসহ সব দলের সঙ্গে একটি অর্থবহ সংলাপের আন্তরিক সূচনার সূত্রপাত ঘটাবেন।
 
তিনি অভিযোগ করেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে গঠিত জাতীয় সংসদ জনগণের কথা বলে না। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নারীর সম্ভমহানির অসংখ্য ঘটনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ধান-চাল-গম সরকারিভাবে সংগ্রহের নীতি মার খাওয়ায় শাসকদলীয় মধ্যস্বত্ত্বভোগীদের দাপটে দেশে কৃষককূল আজ দিশেহারা হয়ে পড়েছে।
 
রিপন বলেন, বেকারত্ব, কর্মের সুযোগ ক্রমেই সঙ্কুচিত হয়ে পড়ায় আন্তর্জাতিক দালাল চক্রের প্রলোভন-প্রতারণায় এখন সাগর বক্ষে হাজারো নিরীহ বাংলাদেশি মৃত্যুর প্রহর গুণছেন। এরই মধ্যে দক্ষিণ-পূর্ব এশীয় কয়েকটি দেশে ভাগ্যান্বেষী বাংলাদেশিদের লাশ গণকবর থেকে উত্তোলিত হচ্ছে ক্রমাগত।
 
তিনি বলেন, এমনি পরিস্থিতিতে দেশে বিনা ভোটের সরকার নির্বিকার ভূমিকা পালন করে চলেছে। কিন্তু বিরোধী দলের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানোর পথ ছেড়ে সবাইকে নিয়ে ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থাকে কিভাবে বাঁচানো যায়, তা নিয়ে সরকারের যেন কোনো মাথা ব্যথা নেই।
 
রিপন বলেন, দেশে এমন একটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করার প্রেক্ষাপট তৈরি হয়েছে। কারণ দেশে কোনো জবাবদিহিমূলক সরকার নেই। জাতীয় সংসদেও কোনো বিরোধী দল নেই। সরকারের প্রশংসায় পঞ্চমুখ বিনাভোটের গৃহপালিত তথাকথিত বিরোধী দলও কার্যত সরকারের অংশ হয়ে গেছে। এজন্য প্রকৃত সত্য উচ্চারণ, জনগণের পক্ষে কথা আজ জাতীয় সংসদে উচ্চারিত হয় না।