ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের ইন্দিরা গান্ধী হাসপাতালে চিকিত্সাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস)এর ভারপ্রাপ্ত সুপার ভাস্কর বর্গাইন রবিবার সাংবাদিকদের বলেন, তাকে আরও কয়েক দিন হাসপাতালে চিকিত্সকদের পর্যবেক্ষণে রাখা হবে। আগামী কয়েক দিনে তার শারীরিক অবস্থা এ পর্যায়ে থাকলে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।
এদিকে দ্য শিলং টাইমস পত্রিকার অনলাইন সংস্করলেবলা হয়েছে, শনিবার শিলং নগর পুলিশ সুপার বিবেক সিয়েম বলেছেন,তারা হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্রের জন্য অপেক্ষা করছেন। সালাহ উদ্দিনকে উদ্ধার করার পর তার গুরুতর অসুস্থতা জনিত কারনে এখনো তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তিনি এখন ক্রমশ: সুস্থ হয়ে উঠছেন । তাই আমরা আশা করছি ২৯ মে নির্ধারিত জামিন আবেদনের শুনানীর দিন আদালতে হাজির করার ছাড়পত্র পাবো। আমরা স্থির করেছি ২৯ মে সালাহ উদ্দিন আহমেদকে আদালতে হাজির করবো এবং তার বিষয় নিয়ে তদন্ত করে সব কিছু জানতে পারবো।
সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ গত শুক্রবার জামিনে মুক্তির জন্য শিলং-এ প্রথম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এল খরসিং এর আদলতে আবেদন করেন। শুনানিতে সরকারপক্ষের আইনজীবি জামিনের বিরোধিতা করে বলেন, ১১ মে ভোরে শিলংয়ের গলফ-লিংক এলাকা থেকে পুলিশ সালাহ উদ্দিন আহমদকে আটক করে। তার বিরুদ্ধে বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে এফআইআর করা হয়। হাসপাতালে চিকিত্সাধীন থাকায় পুলিশ এখনো সালাহ উদ্দিনের বিষয় নিয়ে তদন্ত করতে পারছে না। এমন পরিস্থিতিতে জামিন দেওয়া সম্ভব নয়।
এই প্রেক্ষিতে আদালত এ ব্যাপারে পর্যাপ্ত তথ্য-উপাত্ত দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দিয়ে ২৯ মে শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ফলে পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানতে পেরেছেন, সালাহ উদ্দিনের শারিরীক অবস্থা অনেকটা ভালো। তাকে ২৯ মে আদালতে নেয়র ছাড়পত্র দেয়া যেতে পারে।
এদিকে নেগ্রিমসের পরিচালক এ জে এহেনগার গতকাল স্থানীয় সাংবাদিকদের বলেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা ঠিক হবে না। তার অবস্থার যে উন্নতি হচ্ছে তাতে আশা করা যায় ২৯ মে আদালতে নেয়ার মত হতে পারে।
এদিকে গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দীর্ঘ সময় নিয়ে সকালে এবং বিকালে সালাহ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী হাসিনা আহমদ।
সেখানে অবস্থানরত সালাহ উদ্দিন আহমদের একজন আত্মীয় ইত্তেফাককে জানান, শিলং শহর কেন্দ্রের বাইরে নিরিবিলি পরিবেশে নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালটি। সালাহ উদ্দিনের পুর্বেকার সিভিল হাসপাতালটির সাথে এর তুলনা চলে না। এটা ভারত সরকারের বিশেষায়িত সেরা হাসপাতাল। এখন সাধারণ বেডে পুলিশ প্রহরায় চিকিত্সা নিচ্ছেন্ তিনি। তার জন্য চিকিত্সকদের একটু বাড়তি নজরদারি আছে। বাংলাদেশের একজন সাবেক মন্ত্রী ছিলেন-এই পরিচয় এখন হাসপাতালময়। ৬৩ দিন নিখোঁজ ছিলেন। পত্র-পত্রিকায়ও তার খবরা-খবর বেরুচ্ছে প্রতিদিন। তার প্রতি কৌতুহল প্রায় সকলের। ফলে যত্ন-খাতির একটু বেশি।
এদিকে সালাহ উদ্দিনের আইনজীবী এস পি মাহান্তো জানিয়েছেন, তার মক্কেল উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর যেতে চান। আদালতে সিঙ্গাপুরের ভিসাসমেত তাঁর পাসপোর্ট ও বিভিন্ন দেশে ভ্রমণের অনুলিপি দাখিল করা আছে। তিনি সিঙ্গাপুরের দীর্ঘদিন ধরে হার্টের চিকিতসাসেবা নিচ্ছেন।
