প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বৈঠক করেছেন সফররত চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানডং। রবিবার রাতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণভবনে বাংলাদেশ এবং চীন সরকারি ও বেসরকারি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে ছয়টি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এরমধ্যে তিনটি হচ্ছে সমঝোতা স্মারক (এমওইউ), দুটি সহযোগিতা চুক্তি এবং শিক্ষা, গণমাধ্যম ও বাণিজ্য খাত সংক্রান্ত একটি বিনিময় নোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের উপ-প্রধানমন্ত্রী লিও ইয়ানডং এসব চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।
দু’দেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে শিক্ষা সহযোগিতা সংক্রান্ত এমওইউ’তে স্বাক্ষর করেন বাংলাদেশের শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান এবং চীনের শিক্ষামন্ত্রী ইউয়ান গুইরেন। বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় ও চীনের প্রেস ও পাবলিকেশন সংক্রান্ত রাষ্ট্রীয় প্রশাসনের মধ্যে বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র খাতে সহযোগিতা সংক্রান্ত এমওইউ’তে স্বাক্ষর করেন বাংলাদেশের তথ্য সচিব মর্তুজা আহমেদ এবং চীনের উপমন্ত্রী টং গেং।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির (বিএফএসইউ) মধ্যে ছাত্র-ছাত্রী, ফেকাল্টি, স্কলার্স ও প্রশাসনিক স্টাফ বিনিময়, গবেষণা সহযোগিতা এবং শিক্ষা সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় আরেকটি এমওইউ স্বাক্ষরিত হয়। এই এমওইউ’তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিএফএসইউ প্রেসিডেন্ট পেং লং স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ ও চীনের মধ্যে কন্টেইনার পরিদর্শন সরঞ্জাম প্রকল্প সংক্রান্ত একটি বিনিময় নোটও স্বাক্ষরিত হয়েছে।
চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানডং তিন দিনের সরকারি সফরে রবিবার ঢাকায় পৌঁছান। বিকাল ৫টা ১৫ মিনিটে চীনের উপ-প্রধানমন্ত্রীকে বহনকারী চার্টার্ড বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাকে স্বাগত জানান। সোমবার তিনি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
