ভিডিও ফুটেজ জব্দ সেই পুরুষকে খুঁজছে পুলিশ

আপডেট : ২৫ মে ২০১৫, ০০:১১

গারো তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পুলিশ যমুনা ফিউচার পার্কের দোকান থেকে সিসিটিভির ভিডিও ফুটেজ জব্দ করেছে। ধর্ষণের ঘটনায় জড়িতদের এবং বিশেষ করে ধর্ষক একজনকে গ্রেফতার করতে মাঠে নেমেছে পুলিশ।

 
এদিকে গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এর সভাপতি টিপু মুন্সি সাংবাদিকদের জানান। তবে তার নাম-পরিচয় জানানো হয়নি। এসময় টিপু মুন্সি বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। এ জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। তবে এ ব্যাপারে ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ভিডিও ফুটেজ দেখে এক নির্দিষ্ট পুরুষসহ ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
গতকাল রবিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন গারো তরুণীকে দেখতে গিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ গণধর্ষণের ঘটনা তদন্ত ও তদারকিতে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে নিয়ে একটি কমিটি গঠন করেছে ডিএমপি।
 
ওই তরুণী যমুনা ফিউচার পার্কের একটি শপিংমলে চাকরি করেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ডিউটি শেষে বাসায় ফেরার জন্য ওই তরুণী কুড়িল বিশ্বরোড রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পাঁচ যুবক তার মুখ চেপে ধরে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। তারা গাড়িতেই ওই তরুণীকে গণধর্ষণ করে রাত সাড়ে ১০টার দিকে উত্তরার জসীম উদদীন রোডের মাথায় ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে ভাটারা থানায় মামলা করেছেন তরুণী। তরুণী জানিয়েছে, যে পাঁচজন তাকে ধর্ষণ করেছে তাদের মধ্যে একজন বেশ কয়েকদিন আগে দুই বিদেশিকে নিয়ে তার দোকানে এসেছিল। এসময় ওই লোকটি তার কাছে বিভিন্ন বিষয় জানতে চেয়েছিল। এ ঘটনাটি দোকানের সিসিটিভিতে ধারণ করা রয়েছে বলে তরুণী পুলিশকে জানায়।
 
গারো তরুণীর গণধর্ষণের ব্যাপারে ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস বেগম বলেন, শনিবার সকালে ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষায় গণধর্ষণের আলামত পাওয়া যায়। বর্তমানে গারো ওই তরুণীর চিকিত্সাসেবা ও ডিএনএ টেস্টের জন্য ওসিসিতে ভর্তি রয়েছে। এদিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুজ্জামান চৌধুরী জানান, ‘মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দেয়া হবে।
 
রাজধানীতে মাইক্রোবাসে গারো তরুণীর ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ওই গারো তরুণীকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ধর্ষণের নিন্দা জানিয়ে প্রতিমন্ত্রী চুমকি বলেন, আইন সংশ্লিষ্ট যত বিষয় আছে, সে বিষয়টা আমি দেখবো। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সবই করা হবে। আমরা যে তথ্য পাচ্ছি সব মন্ত্রণালয়কে সেসব তথ্য দিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলা হবে। চুমকি বলেন, সমপ্রতি রাজধানীর বিভিন্ন সড়ক ও ভবনে বিভিন্ন জয়গায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে। ফলে এসব ঘটনা যারা ঘটাচ্ছে তাদের সহজেই চিহ্নিত করা যাবে।
 
তদন্ত তদারকি কমিটি গঠন
 
গারো তরুণী গণধর্ষণের তদন্ত তদারকিতে ডিএমপির ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ডিবির (উত্তর) ডিসি শেখ নাজমুল আলমকে প্রধান করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন গুলশান জোনের অতিরিক্ত কমিশনার মাহবুব হাসান ও ডিবির সহকারী কমিশনার ওবায়দুল হক।