মানব পাচার রোধে করণীয় ঠিক করতে সংশ্লিষ্ট চার দেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব করা হয়েছে। আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগগুলোর শীর্ষ প্রতিনিধিরা যোগ দেবেন। এ বৈঠকে যোগ দিতে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূতরাও ঢাকায় এসেছেন। তারাও সার্বিক পরিস্থিতি তুলে ধরে করণীয় বিষয়ে পরামর্শ দেবেন। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর ওই চার দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের আলাদা বৈঠক করার কথা রয়েছে। সেখানেও বিস্তারিত আলোচনা হবে। এদিকে অভিবাসী সমস্যা মোকাবিলায় আগামী ২৯ মে থাইল্যান্ডে অনুষ্ঠেয় আঞ্চলিক বৈঠকে বাংলাদেশসহ প্রায় ১৫টি দেশের অংশ নেয়ার কথা রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সিনিয়র কর্মকর্তা পর্যায়ে একটি প্রতিনিধি দল অংশ নিতে পারে বলে জানা গেছে।
অপরদিকে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতসহ সদস্য দেশগুলোর মিশন প্রধানরা গতকাল রবিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হককে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে অভিবাসন/মানব পাচার ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরেছেন। জানা গেছে, ইইউ দূতরা মানব পাচারের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন এবং এটি ঠেকাতে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।
