কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আজ রাত ৭টা ৪০ মিনিটে আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘রাক্ষুসী’। মহিউদ্দীন আহমেদের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, চম্পা, ফজলুর রহমান বাবু, প্রসূন আজাদ, সাবিহা জামান প্রমুখ।
অবলা এক নারী বিন্দি। নাটকের কেন্দ্রিয় চরিত্র। সে নিজেই বলবে নিজের স্বামী হন্তারক হয়ে ওঠার গল্প। স্বামী-সন্তান নিয়ে তার সুখের সংসার ছিল। তার স্বামী ভোলানাথ ছিল কর্মঠ কৃষক। সুদর্শন ও সাদাসিধে মানুষ। তার দোষ ছিল একটাই, আর তা হলো মদ খাওয়া। বিন্দি বলতো ‘তুমি মদ খাও ক্ষতি নেই, তোমায় মদে যেন না খায়।’ পুরুষ মানুষের এ রকম দু’চারটে বদ-অভ্যাস থাকেই। কিন্তু অমন শিবের মতো মানুষটা এমন একটা কাজ করে ফেললো যা একেবারেই অবিশ্বাস্য। অকল্পনীয়। ফলে বিন্দির সাধের ঘর পরিণত হলো শ্মশানপুরীতে। যুবকদের কাঁচা বুকে ঘুন ধরিয়ে দেয়া বাগধী বাড়ির ঢ্যাঙা সুন্দরী মালতি। স্বভাব দোষে যে স্বামীর ঘর করতে পারেনি, তার ছলাকলায় মজলো ভোলানাথ। বিন্দি ভোলানাথের পায়ে ধরে শেষবারের মতো বোঝানোর চেষ্টা করলো যে, সে কত বড় ভুল করছে। কিন্তু ভোলানাথ বিন্দিকে মেরে-কেটে চলে গেল। এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
