নজরুলের কবিতা অবলম্বনে‘তোমার পথের ধূলিতে’

আপডেট : ২৫ মে ২০১৫, ০২:৪০
কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এনটিভিতে রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘তোমার পথের ধূলিতে’। কাজী নজরুল ইসলামের ‘নিশীথ প্রীতম’ কবিতা অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল।
 
অভিনয় করেছেন, সু্বর্ণা মুস্তাফা, মাজনুন মিজান, সোহানা সাবা, শাহেদ আলী সুজন প্রমুখ। বাসায় প্রায় সময়েই একা হয়ে থাকেন বিভা। সঙ্গে থাকে ভাইয়ের মেয়ে শ্যামা। ও যখন বাসায় থাকে তখনই যেন একাকীত্ব থেকে মুক্তি পান। বস্তুগত অর্থে জীবনে অপূর্ণতা নেই তার, একাকীত্ব যেটুকু তা মানসিক। ভাইঝি শ্যামার জীবনে একটা সঙ্কট তৈরি হয়েছে। হূদয়ঘটিত এক সমস্যার ঘূর্ণিপাকে পড়েছে শ্যামা।
 
ছেলেটির নাম শিশির। শ্যামাকে পাবার জন্য শিশিরের যে ব্যাকুলতা তা যেন শ্যামাকে স্পর্শ করে না। বিভা ভাবে, জীবনের এই অপ্রাপ্তির বোঝা যে কত ভারী হতে পারে এই বয়সে এসে বুঝছে না শ্যামা। নিজের জীবনের ফেলে আসা দিনগুলোর, নির্ঘুম রাত্রিগুলোর ভেতর দিয়ে এই তরুণ-তরুণীর সম্পর্কটি দেখেন বিভা।