কবি নজরুলের ১১৬তম জন্মজয়ন্তী অনুষ্ঠান

প্রধানমন্ত্রী কুমিল্লায় আসছেন আজ

আপডেট : ২৫ মে ২০১৫, ১০:৪৭


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ ২৫ মে কুমিল্লা সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে তিনি কুমিল্লা টাউন হল মাঠে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে দৃষ্টিনন্দন করে মঞ্চ তৈরি করা হয়েছে। অনুষ্ঠানমালা প্রাণবন্ত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অতিথিদের জন্য তৈরি করা হয়েছে বিশাল আকারের প্যান্ডেল। প্রায় পাঁচ সহস্রাধিক আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে কুমিল্লা নগরজুড়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারী।   

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জেলার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিকে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘কুমিল্লা বিভাগ’ এর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এমন আশায় বুক বেঁধে আছেন কুমিল্লাবাসী এবং এ নিয়ে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে।

 

উল্লেখ্য, এর আগে ১৯৯২ সালে কুমিল্লায় জাতীয়ভাবে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হয়।