বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়নের দাবি ঢাকা চেম্বারের

আপডেট : ২৫ মে ২০১৫, ২১:২৫
 
আসছে বাজেটে বিনিয়োগকে গুরুত্ব দেয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। এ লক্ষ্যে ব্যাংক ঋণের সুদের হার কমানো, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনসহ অবকাঠামো খাতের উন্নয়নে গুরুত্ব দেয়ার দাবি জানানো হয়েছে। সোমবার সচিবালয়ে সংগঠনটির সভাপতি হোসেন খালেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে এ দাবি জানান।
 
এ সময় বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা পৌনে তিন লাখ টাকা করা, কর্পোরেট কর কমপক্ষে আড়াই শতাংশ হারে কমানো, জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের বিদ্যমান ব্যবস্থা কেবলমাত্র উৎপাদনশীল খাতের জন্য রাখার দাবিও জানানো হয়। এ সময় ডিসিসিআইয়ের নেতৃবৃন্দসহ অর্থমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ডিসিসিআই সভাপতি রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিশেষ কর ছাড়, বন্দর শুল্কসহ বিভিন্ন চার্জ ও জরিমানা অর্ধেক কমানো, অটোমোবাইল শিল্পের জন্য যথাযথ নীতিমালা প্রণয়ন ও রোডম্যাপ বাস্তবায়ন করার পাশাপাশি স্বতন্ত্র শিল্প হিসেবে স্বীকৃতি দেয়া এবং দেশীয় শিল্পের সুরক্ষায় ব্যবস্থা নেয়ারও দাবি জানান।
 
অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে রিফাইনারি খাতে বরাদ্দ রাখা হবে এবং সরকার কমপক্ষে ৫ মিলিয়ন টন পেট্রোলিয়াম ধারণ ক্ষমতাসম্পন্ন একটি রিফাইনারি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে বাস্তবভিত্তিক সমন্বয় ব্যবস্থা গ্রহণ করারও আশ্বাস দেন।