ঢাবি শিক্ষার্থী আহত, ভাঙচুর

আপডেট : ২৫ মে ২০১৫, ২২:০৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে রাস্তা পার হতে গিয়ে পিকাপ ভ্যানের ধাক্কায় ওই অনুষদের এক শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এর জের ধরে ওই অনুষদের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় তারা কয়েকটি গাড়িও ভাঙচুর করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। 
 
আহত শিক্ষার্র্থীর নাম সাখাওয়াত হোসেন রনি। তিনি চারুকলা অনুষদের ড্রয়িং এ্যান্ড পেইন্টিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর একটার দিকে রনি তার বন্ধুদের সঙ্গে রাস্তা পার হতে গেলে একটি পিকাপ ভ্যান তার পায়ের উপর দিয়ে চলে যায়। এতে তার পা থেঁতলে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওই সড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এএম আমজাদ বলেন, 'রাস্তা পার হতে গিয়ে চারুকলার এক শিক্ষার্থী আহত হয়েছে। তার পায়ের হাড় ভেঙে গেছে কিনা এক্সরে করলে তা জানা যাবে।'
 
তিনি বলেন, 'এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় সকল ধরনের বড় যান চলাচল বন্ধ রাখার জন্য পুলিশকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি ছবির হাট ও টিএসসির ফুটপাতে মোটরসাইকেল ও অন্যান্য গাড়ি পার্কিং করতে না দেওয়ার জন্যও পুলিশকে বলা হয়েছে।'