তৃতীয় বাংলাদেশ-ভারত বাস সার্ভিস উদ্বোধন করবেন মোদী

আপডেট : ২৬ মে ২০১৫, ০৩:৪১

তৃতীয় বাংলাদেশ-ভারত বাস সার্ভিস উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মাসে ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী মোদী এই সার্ভিস উদ্বোধন করবেন বলে গতকাল সোমবার শিলংয়ে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আজহারুল ইসলাম খান। খবর পিটিআই’র।

 

এই বাস সার্ভিস মাধ্যমে ঢাকা, শিলং এবং গুয়াহাটিকে সংযুক্ত করবে। ঢাকা সফরে প্রধানমন্ত্রী মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করার পর সার্ভিসের উদ্বোধন করা হবে। বাস সার্ভিসের উদ্বোধনের আগে তা যাচাইয়ের জন্য গত ২২ মে মো. আজহারুল ইসলামের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল বাসে চড়ে ঢাকা থেকে ভায়া হয়ে গুয়াহাটি যান। গতকাল এই প্রতিনিধি দলটি ফিরতি যাত্রায় ঢাকা আসে। যুগ্ম সচিব জানান, দাওয়াকি-পিনুরসলা হয়ে শিলং যেতে দাওয়াকিতে একটি সেতুতে সমস্যার সৃষ্টি হয়। ১৯৩২ সালে নির্মিত ওই সেতুটি খুবই সরু। তিনি আরো জানান, ভারতের মধ্যে যাত্রীদের জন্য পর্যাপ্ত টয়লেট এবং খাওয়ার ব্যবস্থা নেই। তামাবিল সীমান্তে ইমিগ্রেশন চেকিংয়ে তিন ঘণ্টা দেরি সম্পর্কে মো. আজহারুল ইসলাম বলেন, এখন এই প্রক্রিয়া অ্যানালগ পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে। সার্ভিস পুরোপুরি চালু হলে এই সমস্যা থাকবে না। গত শুক্রবার প্রাথমিকভাবে এই সার্ভিসের উদ্বোধন করেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।