কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করেছে রিয়াল মাদ্রিদ। সোমবার ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন।
পেরেস বলেন, ‘আমরা প্রধান কোচের পদ থেকে কার্লো আনচেলত্তিকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা কোনো সহজ সিদ্ধান্ত ছিল না।’
এ মৌসুমে বড় কোনো শিরোপা এনে দিতে না পারার চড়া মাশুল দিতে হলো কার্লো আনচেলত্তিকে। আসছে সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করার হবে বলে সাংবাদিকদের জানান রিয়াল সভাপতি।
গত মৌসুমে ফরাসি লিগের দল পিএসজি ছেড়ে রিয়ালের কোচের দায়িত্ব নেন আনচেলত্তি। তার অধীনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা জয় করে রিয়াল। তবে এ মৌসুমে রিয়ালকে বড় কোনো সাফল্য এনে দিতে ব্যর্থ হন আনচেলত্তি।
