এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হলেন বেসিস সভাপতি শামীম আহসান

আপডেট : ২৬ মে ২০১৫, ১১:৪৫
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান।
 
শনিবার এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ এর ২০১৫-১৭ সাল মেয়াদের নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপে আবদুল মাতলুব আহমেদ নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তিনি। নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপের ৩৩ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ১০৩৮ ভোট পেয়ে চতুর্থ স্থান দখল করেন জনাব আহসান।
 
সোমবার চেম্বার গ্রুপ থেকে সভাপতি ও সহ-সভাপতি এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হবে। শীর্ষ তিন পদে নির্বাচন হওয়ার পর ২৮ মে ঘোষণা করা হবে এফবিসিসিআইয়ের নতুন কমিটি।
নির্বাচনে জয়ী হয়ে বেসিস সভাপতি শামীম আহসান বলেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক পদে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিপুল ভোটে আমাকে বিজয়ী করায় ভোটারদের অভিনন্দন জানাই। পরিচালক নির্বাচিত হওয়ার মাধ্যমে আমি তথ্যপ্রযুক্তি নির্ভর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং এসএমই ও তরুন উদ্যোক্তাদের সহজ শর্তে মূলধন যোগানের লক্ষ্যে কাজ করবো। এছাড়া আমি ব্যবসায়ীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য একটি ওয়ানস্টপ সেবা চালু করা, বাংলাদেশকে একটি উল্লখেযোগ্য বিনিয়োগবান্ধব দেশ হিসেবে গড়ে তুলে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করা এবং ব্যবসায়ীরা যাতে সহজেই প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মীদের খুঁজে পান এবং নিয়োগ দিতে পারেন সেজন্য কারিগরি প্রশক্ষিণরে প্রসার নিশ্চিত করে একটি দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলার লক্ষে কাজ করবো। আশাকরি সবাই আগের মতোই আমার সঙ্গে থাকবেন।
 
এবারের নির্বাচনে ৩২ পরিচালক পদের বিপরীতে অংশ নেন ৬৩ প্রার্থী। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে ৩০ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২ হাজার ২০৬ ভোটারের মধ্যে অ্যাসোসিয়েশন গ্রুপের ১ হাজার ৭৭৪ ও চেম্বার গ্রুপে ৪৩২ জন ভোটার ছিলেন। নির্বাচনে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৬ জন করে মোট ৩২ জন নির্বাচিত হয়েছেন। উন্নয়ন পরিষদের ব্যানারে অংশ নিয়ে চেম্বার গ্রুপ থেকে ১২ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৩ জন নির্বাচিত হন।