মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিল শুনানি চলছে। মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে অষ্টম দিনের মতো এই শুনানি চলছে।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন মুজাহিদের আইনজীবী এডভোকেট এস এম শাহজাহান।
আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ২০১৩ সালের ১১ আগস্ট সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেন মুজাহিদ।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল-২। মুজাহিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনীত সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি ট্রাইব্যুনালে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
