কিবরিয়া হত্যা মামলা: আসামিদের অবস্থান জানতে চেয়েছে আদালত

আপডেট : ২৬ মে ২০১৫, ১৭:২৩
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় কারাগারে আটক আসামিরা কে কোথায় আছেন তা জানতে চেয়ে হবিগঞ্জ জেল সুপারকে নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালত এ নির্দেশ দেন। 
 
আদালত সূত্রে জানা গেছে, কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের পৌর মেয়র (সাময়িক বরখাস্তকৃত) জি কে গউছসহ কারাগারে আটক ১৫ আসামিকে অপর বিস্ফোরক মামলায় ১২ মে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেটের সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল। এরই পরিপ্রেক্ষিতে এ বিষয়ে মঙ্গলবার  শুনানি শেষে জেল সুপারকে এ রিপোর্ট দিতে বলেছে বিচারক। আগামী ২৩ জুন রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।
 
উলে­খ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন। এতে আহত হন বর্তমান জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপিসহ ৪৩ জন। এ ঘটনায় আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান বাদী হয়ে সদর থানায় হত্যা মামলাসহ দুটি মামলা করেন।