‘শিগগির বিশুদ্ধ খাদ্য আদালত গঠন করা হবে’

আপডেট : ২৬ মে ২০১৫, ১৭:৩৫
নিরাপদ খাদ্য নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বিশুদ্ধ খাদ্য আদালত গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার। 
আগামী কয়েক দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের প্রজ্ঞাপন জারি করা হবে। এছাড়া আফ্রিকার দেশগুলোতে চাল রফতানির জন্য বাজার খুঁজছে সরকার। 
 
মঙ্গলবার দুপুরে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এসব তথ্য জানান।
 
মঙ্গলবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট খাদ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 
 
মন্ত্রী সাংবাদিকদের বলেন, আমাদের খাদ্য নিরাপত্তা আইন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি সন্তোষ প্রকাশ করেছেন। খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করতে ও সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে ইউএসএআইডি।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বিশুদ্ধ খাদ্য আদালত গঠন করা হবে। দেশের বিভিন্ন আদালতকে নিরাপদ খাদ্য আদালতের দায়িত্ব দেওয়া হবে। তিনি বলেন, দুই-একদিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভ্রাম্যমাণ আদালতের প্রজ্ঞাপন জারি করা হবে।