ফার্মাসিস্টদের নিবন্ধনভুক্ত করার কার্যক্রম বন্ধ রয়েছে প্রায় আট বছর ধরে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। নিবন্ধন কার্যক্রম চালু হওয়ার আগ পর্যন্ত ফার্মেসি কাউন্সিল থেকে তাদেরকে আপাতত সাময়িক সনদ প্রদানের জন্যও কমিটি মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই পরামর্শ দেয়া হয়।
কমিটি সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ভেজাল ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলো সনাক্ত করে সেগুলোকে বন্ধ করে দেওয়ার এবং যেসব ফার্মেসীগুলো লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি করছে তাদেরকে লাইসেন্স গ্রহণ করার আহ্বান জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের সুপারিশ করেছে কমিটি। দেশে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যেসব গুরুত্বপূর্ণ বিভাগে অভিজ্ঞ চিকিত্সকের পদসমূহ খালি রয়েছে তা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।
এছাড়া দেশে অটিজম ও স্নায়ু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের সঠিক চিকিত্সার্থে গ্র্যাজুয়েট বা স্পেশালিস্ট অকুপেশনাল থেরাপিস্ট পদ সংখ্যা বাড়ানোর ও সেসব পদে নিয়োগের পক্ষে মত দিয়েছে কমিটি। প্রথম শ্রেণীর অকুপেশাল থেরাপিষ্ট পদগুলো সাধারণ ডাক্তার দিয়ে প্রেষণে পূরণ না করার বিষয়েও মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জানি ইনস্টিটিউট করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্নের ওপরও গুরুত্বারোপ করে সংসদীয় কমিটি।
কমিটির সদস্য- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ইউনুস আলী সরকার ও সেলিনা বেগম বৈঠকে অংশ নেন।
