সরকারের চিন্তার বাইরের মানুষরা পতন ঘটাবে: নজরুল

আপডেট : ২৬ মে ২০১৫, ২০:৩১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই সরকার যাদের কথা চিন্তাও করছেন না তারাই আগামী দিনের আন্দোলনে নেতৃত্ব দেবে। নির্যাতনের সমুচিত জবাব দিয়ে সরকারের পতন ঘটাবে তারা। বাংলাদেশের মানুষ লড়াইয়ের ময়দানে হয়তো আমাদের সাথে থাকে না। কিন্তু যথাসময়ে তারা উপযুক্ত জবাব দিতেও ভুল করে না।
 
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গণতন্ত্র ও শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
নজরুল ইসলাম খান ‘২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেনি’ দাবি করে বলেন, আমরা যে ওই নীলনকশার নির্বাচনে অংশ না নিয়ে ভুল করিনি, তা কখনও সুষ্ঠু নির্বাচন হলেই প্রমাণ হবে। সদ্য শেষ হওয়া তিন সিটি নির্বাচন কেমন প্রহসনের হয়েছে তা জনগণ দেখেছে। বাংলাদেশের জনগণের হিসাব কখনো ভুল হয় না। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সুযোগ পেলে তারা সঠিক রায় দিয়ে থাকে।
 
আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে তিনি বলেন, যারা বলে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, আসলে তারাতো  মুক্তিযুদ্ধ দেখেইনি। রাজনীতিতে সবাই সবার সমালোচনা করার যোগ্য নয়। আমি মাঝে মাঝে অবাক হই, বীরউত্তম খেতাব জিয়াউর রহমান কি তাহলে নিজেই নিজেকে দিয়েছেন!
 
যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা অন্যদের মত অস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারি না এবং চাইও না। সেই জন্যই আমরা দল পুনর্গঠন করছি। 
 
আয়োজক সংগঠনের সভাপতি একে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, সংগঠনের মহাসচিব ডা.এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ।