সৌম্য-মাহমুদউল্লাহর জোড়া সেঞ্চুরিতেও ইনিংস হারের শঙ্কা

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১০:১৬

ইনিংস হার এড়াতে গতকাল শনিবার ৪৮১ রানের বিশাল লক্ষ্যের পেছনে ছুটছিল বাংলাদেশ। সেই দৌঁড়ে মাত্র ১২৬ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যান বিদায় নেন। এরপর প্রতিরোধের দেয়াল গড়েছিলেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ। সেই দেয়ালে এখন ইনিংস হার এড়াতে আশাবাদী বাংলাদেশ। দুজনই করেছেন সেঞ্চুরি। বাংলাদেশের স্কোর এখন নয় উইকেটে ৪২৯। ইনিংস হার এড়াতে এখনো ৫২ রানে পিছিয়ে আছেন তারা।    

যদিও ২১টি চার ও পাঁচটি ছক্কার মারে ১৪৯ রান করে বিদায় নিয়েছেন সৌম্য। ২১ চার ও তিন ছক্কায় মাহমুদউল্লাহ করেন ১৪৪ রান। সৌম্যের বিদায়ের পরপরই সাজঘরে ফিরেছেন লিটন দাস, মেহেদি হাসান মিরাজ ও আবু জায়েদ। এখন শেষ উইকেটে খালেদ আহমেদ ও এবাদত হোসেন ব্যাট করছেন। কিউই বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট নিয়েছেন পাঁচটি উইকেট। 

এর আগে গতকাল চার উইকেটে ১৭৪ রান নিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। সেখান থেকেই আজ চতুর্থ দিনে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারীরা। গতকাল বিশাল রানে পিছিয়ে থাকা বাংলাদেশের পক্ষে সূচনাটা ভালোই করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। তবে ৮৮ রানে ওপেনিং জুটি ভাঙার পর এলোমেলো হয়ে গেছে সব। মাত্র ৩৮ রানের মধ্যে সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের চার ব্যাটসম্যান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তামিম দ্বিতীয় ইনিংসে করেন ৭৪ রান। অপরদিকে সাদমান করেন ৩৭ রান।

রানের খাতা খোলার আগেই বিদায় নেন মোহাম্মদ মিঠুন। দুই অঙ্ক ছূঁতে পারেননি মুমিনুলও। এরপর পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার জুটি বাঁধেন। এই দুজন গতকাল পঞ্চম উইকেটে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেন। সৌম্য ৩৯ ও মাহমুদউল্লাহ ১৫ রান নিয়ে অপরাজিত ছিলেন।

বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৪ রান করে। জবাবে কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি এবং টম লাথাম ও জিত রাভালের সেঞ্চুরিতে ছয় উইকেটে ৭১৫ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। এতে ইনিংস হার এড়াতে ৪৮১ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। 

ইত্তেফাক/কেআই