রাজধানীর কুড়িল বিশ্বরোডে মাইক্রোবাসে তুলে গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের গ্রেফতারে দাবিতে ভাটারা থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)।মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত সংগঠনের নেতা-কর্মীসহ পাঁচ শতাধিক গারো আদিবাসী থানা ঘেরাও করে। থানার সামনে অনুষ্ঠিত সমাবেশে পুলিশের প্রতি ধর্ষকদের গ্রেফতারের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়।
এ ব্যাপারে ভাটার থানার ওসি নূরুল মুত্তাকিন জানান, আদিবাসীরা তাদের দাবি নিয়ে পুলিশের কাছে এসেছিল। তাদের দাবিগুলো শুনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪ টার দিকে কুড়িল বিশ্বরোডে বাস স্ট্যান্ডে গারো আদিবাসীরা জড়ো হয়। বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের ব্যানারে তারা মিছিল নিয়ে ভাটারা থানায় যায়। থানার সামনে তারা সমাবেশ করে।
সমাবেশে গারো মানবাধিকার সংস্থার সভাপতি লিটন দ্রং বলেন, প্রশাসন গারো তরুণী ধর্ষণের ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। ধর্ষকদের গ্রেফতার না করে তারা এটিকে পূর্ব পরিকল্পিত ঘটনা বলে বিভিন্ন গণমাধ্যমের কাছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দিচ্ছে। তিনি পুলিশের কাছে দাবি করেন, ধর্ষকদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে আবারও থানা ঘেরাও করা হবে।
সমাবেশে সমাজ কল্যাণ মন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব পিন্টু হাউই বলেন, ধর্ষকদের গ্রেফতার করা না হলে গারো আদিবাসীরা বুঝে নিবে যে তাদের পাশে সরকার নেই।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মাইক্রোবাসে তুলে নিয়ে গারো তরুণীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা।
