রাজধানীর মালিবাগের ডিআইটি রোডে মাহবুব ট্র্যাভেলস এন্ড ট্যুরস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মানক পাচারকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় এক হাজার পাসপোর্টও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ‘মাহবুব ট্রাভেল অ্যান্ড ট্যুরস’ কোম্পানির মালিক আহমেদুর রহমান, রাশিদা আক্তার, পাসপোর্ট এন্ট্রি অফিসার পলাশ মন্ডল, এস এম শহিদুজ্জামান, পাবলিক রিলেশন অফিসার নোবেল ও কর্মচারী বকুল।
মঙ্গলবার দুপুরের দিকে অভিযানটি পরিচালনা করে র্যাব-৩ এর একটি দল। এ সময় এক হাজার পাসপোর্ট ও ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ভিকটিমদের মধ্যে দুজন নারীও রয়েছেন।
র্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে মালিবাগ ডিআইটি রোডের একটি বাসায় ‘মাহবুব ট্রাভেল অ্যান্ড ট্যুরস’ কোম্পানীতে অভিযান চালানো হয়। সে সময় মানবপাচার করার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন এমন ৮/১০ জনকে ঐ কার্যালয় থেকে উদ্ধার করে র্যাব।
তিনি আরো জানান, আপাতত যে সব দেশে শ্রমিক পাঠানো বন্ধ আছে, সে সব দেশে অবৈধভাবে শ্রমিক পাঠানোর কথা বলে লাখ-লাখ টাকা হাতিয়ে নিতো এ কোম্পানিটি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
তবে কোম্পানির মালিক আহমেদুর রহমান জানান, তিনি মানবপাচারকারী নন। তার কোম্পানি জনশক্তি পাঠানোর এজেন্সিগুলোর সংগঠন বায়রার সদস্য বলে দাবি করেন।
