আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন, শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এফএ কাপের ফাইনালে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলা হচ্ছে না দলের তারকা স্ট্রাইকার ড্যানি ওয়েলব্যাকের। কোচ জানিয়েছেন হাঁটুর চোটে ভুগছেন এই ইংলিশ স্ট্রাইকার, ফলে আগামী এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। চোটের কারণে সাত জুন আয়ারল্যান্ডের বিপক্ষেও ইংল্যান্ডের প্রীতি ম্যাচ এবং এরপর স্লোভেনিয়ার বিপক্ষে ইউরো বাছাই পর্বেও ওয়েলব্যাকের অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত।
দলের সেরা স্টাইকারকে হারিয়ে তাই কিছুটা দুশ্চিন্তা আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার এর কণ্ঠে, ‘ওয়েলব্যাক ফাইনাল খেলতে পারবেন না। কারণ এখনও সে অনুশীলন করতে পারেনি।’
যদিও সুসংবাদও রয়েছে আর্সেনাল কোচের জন্য। কাফ এবং গোড়ালির চোটের কারণে গত নভেম্বর থেকে মাঠের বাইরে থাকা গানারদের অধিনায়ক মিকেল আরতেতা অনুশীলনে ফিরেছেন। এফএ কাপের ফাইনালে তার খেলার জোরাল সম্ভাবনা রয়েছে। ওয়েলব্যাককে না পেলেও তাই আশাবাদী আর্সেনালের ফরাসি কোচ, ‘আরতেতার খেলার সম্ভাবনা আছে। চোট কাটিয়ে পূর্ণ অনুশীলনে ফিরেছে।’ রক্ষণভাগের খেলোয়াড় ম্যাথিউ ডেবুচিও হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওঠায় এফএ কাপের ফাইনালে ফেরার সম্ভাবনা জানান দিচ্ছেন।—সুপার স্পোর্টস
