যৌন নিপীড়নের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা খুবই হতাশাজনক

আপডেট : ২৭ মে ২০১৫, ০০:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-জনতা সমাবেশে বক্তারা বলেছেন, দেশে যৌন নিপীড়ন ও নারী ধর্ষণের ঘটনাগুলোতে রাষ্ট্র ও রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা খুবই হতাশাজনক। একদিকে রাষ্ট্রকে এসব ঘটনায় শক্ত কোন পদক্ষেপ নিতে দেখা যায় না, অন্যদিকে এসব ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী নিপীড়কের ভূমিকায় অবর্তীণ হয়। এসব ঘটনায় যারা অপরাধী তাদেরকে আটক করতে পারেনি তারা। বরং যারা প্রতিবাদ করতে গেছে তাদের উপর হামলা চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। রেহাই পায়নি নারী প্রতিবাদকারীরাও।

 
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘যৌন নিপীড়ন বিরোধী নির্দলীয় ছাত্রজোটের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে আবার টিএসসি’র রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। একই দাবিতে আগামী রবিবার প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখী গণপদযাত্রা এবং স্মারকলিপি দেবে এ সংগঠনটি।
 

সমাবেশে বক্তব্য রাখেন নারী নেত্রী খুশি কবির, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, ‘যৌন নিপীড়ন বিরোধী নির্দলীয় ছাত্রজোটের আহ্বায়ক শিবলী হাসান, নারী আন্দোলন কর্মী জাহানারা নূরী, স্বপ্নীল, আবু বকর ছিদ্দিক প্রমুখ। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-পেশাজীবী সংগঠন, বিভিন্ন নারী সংগঠন এবং আদিবাসী অধিকার রক্ষার্থে কাজ করা বিভিন্ন সংগঠন।