পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সংগ্রাম করে বাংলাদেশিরা হাজার বছর ধরে টিকে আছে। বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে এমন একটি সমাজ তৈরি করেছে, যেখানে তারা স্বভাবজাতভাবেই বন্যা এবং ঘূর্ণিঝড়ের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন পুরো মানব সভ্যতার জন্য চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় সবাইকে সর্বশক্তি নিয়োগ করতে হবে। মানুষ অতীতে প্রকৃতির বিরুদ্ধে এমন বহু যুদ্ধে জয়ী হয়েছে। প্যারিসে অনুষ্ঠিত বিজনেস অ্যান্ড ক্লাইমেট সামিটে দেয়া বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু এসব কথা বলেন।
বিশ্বের শীর্ষ বেসরকারি খাতের কোম্পানিগুলো এই সম্মেলনের আয়োজন করে। মূলত বিশ্বের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার যে বাধ্যবাধকতা রয়েছে তা বাস্তবায়নের উপায় খুঁজতে দুদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। গত ২০ ও ২১ মে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় দিনে ‘ক্যাপাসিটি বিল্ডিং এন্ড রেজিলিয়েন্স’ শীর্ষক আলোচনায় বাংলাদেশের পরিবেশ মন্ত্রী ছাড়াও নেদারল্যান্ডসের পরিবেশ মন্ত্রী উইলা মেসফিল্ড এবং বিশ্বের শীর্ষ বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীরা বক্তব্য রাখেন।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে খাপ খাইয়ে চলতে পারলেও জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশ্বব্যাপী যে সচেতনতা তৈরি হয়েছে তা থেকে বাংলাদেশের মানুষ আরো ভালোভাবে এ সমস্যা মোকাবিলা করতে পারছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাকে বাংলাদেশ অনেক গুরুত্বের সাথে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি এখন শুধু পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একার বিষয় নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত নির্দেশনায় বিভিন্ন মন্ত্রণালয় এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ নিজস্ব অর্থায়নে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তবে কিছু কিছু ক্ষেত্রে দাতাদের অর্থায়ন এত কম এবং ছাড় প্রক্রিয়া এত দীর্ঘ যে, বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তা কিছুটা অসুবিধার সৃষ্টি করে।
এদিকে, বাংলাদেশের পরিবেশ মন্ত্রী জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক অ্যাসিস্ট্যান্ট জেনারেল জানোস পাস্তরের সাথে বৈঠক করেন এবং ফ্রান্সের প্রতিবেশ, টেকসই উন্নয়ন এবং বিদ্যুত্ বিষয়ক মন্ত্রী সিগোলিন রয়্যালের দেয়া নৈশভোজে অংশ নেন।
অন্যদিকে, আনোয়ার হোসেন মঞ্জু ফ্রান্সের স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা যে ভূমিকা রাখছে, সে বিষয়টিও উল্লেখ করেন।