বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডটা শিরোপার জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছিলো। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়তে থাকা দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের পয়েন্ট ছিলো যথাক্রমে ৩৫ ও ৩২। হিসাবটা ছিলো, বোনাস পয়েন্টে যারা এগিয়ে যাবে, তারা চ্যাম্পিয়ন হবে। কিন্তু গতকাল খেলার তৃতীয় দিনে এসে এই হাড্ডাাড্ডি লড়াইটাকে একেবারেই একপেশে বানিয়ে ফেলেছে দক্ষিণাঞ্চল।
প্রথম দুই ইনিংসে ৮টি বোনাস পয়েন্ট পাওয়া দক্ষিণাঞ্চল কার্যত শিরোপা পকেটে পুরে ফেলেছে। এখন অবিশ্বাস্য কোনোভাবে ম্যাচ হেরে গেলে আলাদা কথা; নইলে এখনই শিরোপা উদযাপন শুরু করে দিতে পারে আব্দুর রাজ্জাকের দল।
প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল অলআউট হওয়ার আগে ৩৮৫ রান তোলায় ব্যাটিং বোনাস পেয়েছিলো ৪ পয়েন্ট এবং পূর্বাঞ্চলকে ২৪৭ রানে অলআউট করে পূর্ণ বোলিং বোনাস ৩ পয়েন্ট পায়। সঙ্গে প্রথম ইনিংসের লিডের জন্য ১ পয়েন্ট। সবমিলিয়ে ম্যাচের চূড়ান্ত পয়েন্ট ছাড়াই এখন পর্যন্ত দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৪৩ পয়েন্ট। বিপরীতে বোলিংয়ের ৩ ও ব্যাটিংয়ের মাত্র ১ বোনাস পয়েন্টসহ পূর্বাঞ্চলের ঝুলিতে মাত্র ৩৬ পয়েন্ট। এখন ম্যাচ যদি ড্র হয়েও যায়, তাও বিপুল ব্যবধানে এগিয়ে শিরোপা নিশ্চিত করবে রাজ্জাকের দল। আর জিতলে তো কথাই নেই। তা দক্ষিণাঞ্চল জয়ের পথেই আছে। নিজেরা বিশাল সংগ্রহ করে গতকাল পূর্বাঞ্চলকে অলআউট করেছে ২৪৭ রানে। এর ভেতর দিয়েই কার্যত জয়ের বিজ বুনে ফেলেছে দক্ষিণাঞ্চল। আগের দিন ৮৬ রানে অপরাজিত সাদমান গতকাল সকালে আর এক রান যোগ করেই আউট হয়ে গেছেন। এরপর আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি। ৭ নম্বরে এসে অধুনা অলরাউন্ডার হয়ে ওঠা পেস বোলার আবুল হাসান রাজু ৫০ রানের ইনিংস খেলেছেন। তারপরও তাদের দল মান বাঁচাতে পারেনি।
দক্ষিণাঞ্চলকে এই দুরন্ত লিড এনে দিয়েছেন জাতীয় দলে সম্প্রতি একটু ব্রাত্য হয়ে যাওয়া দুই তারকা আল আমিন ও সোহাগ গাজী। সোহাগ ৬২ রানে ৪টি এবং আল আমিন ৪৫ রানে ৩টি উইকেট নিয়েছেন। সঙ্গে হাত লাগিয়েছিলেন লিগের সেরা বোলার, অধিনায়ক রাজ্জাক নিজেও; তিনি নিয়েছেন ২ উইকেট। প্রথম ইনিংসের ১৩৮ লিডটা আরও বড় করতে গতকালই ব্যাটিং শুরু করেছে দক্ষিণাঞ্চল।
এ ইনিংসে তাদের বড় পুঁজির দিকে নিয়ে গেছেন দুই জাতীয় দল তারকা এনামুল হক বিজয় ও সৌম্য সরকার। বিজয় বিসিএলে নিজের দুরন্ত ফর্ম ধরে রেখে আউট হওয়ার আগে খেলেছেন ৭০ রান; উঠে এসেছেন সেরা রান সংগ্রহকদের তালিকায় এক নম্বরে। আর সৌম্য সরকার ৭৫ রানে এখনো ব্যাটিং করে যাচ্ছেন। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৪ উইকেটে ২৩১ রান তুলেছে দক্ষিণাঞ্চল। এ অবধি তারা ৩৬৯ রানে এগিয়ে। এখন অপেক্ষা ইনিংস ঘোষণার।
এদিকে বিসিএলের শিরোপার বিচারে অগুরুত্বপূর্ণ হলেও লড়াই জমে উঠেছে উত্তরাঞ্চল বনাম মধ্যাঞ্চলের খেলাতেও। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের এই লড়াইয়ে গতকাল নাটকীয়ভাবে খেলায় ফিরে এসেছে উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে মধ্যাঞ্চল ২৮৯ ও উত্তরাঞ্চল ২৮৭ রানে অলআউট হয়। ২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা মধ্যাঞ্চল গতকাল ২০০ রানে অলআউট। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষ বিকালে ১১ রান সংগ্রহ করতেই দুই উইকেট হারিয়েছে উত্তরাঞ্চল।
