ফোর্বসের জরিপ

বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা

আপডেট : ২৭ মে ২০১৫, ১৭:৫৫


২০১৫ সালে বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৯তম স্থানে আছেন। মঙ্গলবার বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। গত বছর এই তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৪৭তম।

ফোর্বসের তালিকায় শীর্ষ ক্ষমতাধর নারী হিসেবে স্থান পেয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এরপরই আছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং আগামী বছরের প্রেসিডেন্ট পদ প্রার্থী হিলারি ক্লিনটন। তৃতীয় স্থানে আছেন বিশ্বের শীর্ষ ধনী এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস।

তালিকার চার নম্বরে মার্কিন অর্থনীতিবিদ জেনেট ইয়েলেন, পাঁচ নম্বরে জেনারেল মটরসের প্রধান নির্বাহী মেরি টি বাররা, ছয় নম্বরে আইএমএফ প্রধান ক্রিস্টিনা লাগার্দে, সাত নম্বরে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রউসেফ, আট নম্বরে সোশ্যাল মিডিয়া ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ, নয় নম্বরে ইউটিউবের প্রধান নির্বাহী সুসান উজসিসকি এবং দশ নম্বরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা।

বিশ্বের ৩০০ প্রার্থীর মধ্য থেকে ১০০ জনকে বাছাই করা হয়েছে। শেখ হাসিনা সম্পর্কে ম্যাগাজিনটি বলেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেছেন শেখ হাসিনা (৬৭)। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।

জাতিসংঘের অনুরোধ সত্ত্বেও ২০১৩ সালের ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধ প্রমাণ হওয়ায় জামায়াত নেতা আবদুল কাদেৃর মোল্লার ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশ। ১৯৮১ সাল থেকে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আটটি ক্যাটাগরিতে বা ক্ষমতার ভিত্তিতে এই তালিকা প্রণয়ন করা হয়। এগুলো হচ্ছে, বিলিয়নিয়ার, ব্যবসা, সেলিব্রেটি, অর্থনীতি, মিডিয়া, মানবসেবা, রাজনীতি এবং প্রযুক্তি। তবে তালিকা তৈরির ক্ষেত্রে অর্থ, মিডিয়ায় উপস্থিতি, ক্ষমতার ক্ষেত্র এবং প্রভাবকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। তাদের সম্পর্কে গত এক বছর ধরে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, প্রকাশনা এবং বিশেষ সাময়িকী থেকে তথ্য নেয়া হয়েছে। ২০০৪ সাল থেকে ফোর্বস সাময়িকী এই তালিকা প্রণয়ন করে আসছে।