কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর অভিযানে অন্তত ৫ বিদ্রোহী নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার দেশটির প্রত্যন্ত চোকো এলাকায় এই অভিযান চালানো হয়।
সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, প্রত্যন্ত চোকো এলাকায় এই বোমা হামলায় বিদ্রোহী যোদ্ধারা নিহত হয়। তবে সূত্রটি এই হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেনি।
প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোস গত মাসে বিদ্রোহী সংগঠনটির ওপর বিমান হামলার নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এটাই সবচেয়ে বড় ধরনের হামলা ঘটনা। বিদ্রোহীদের হামলায় ১১ সৈন্য নিহত হওয়ার পর এপ্রিল মাসে এ সেনা অভিযান শুরু হয়।
এখন পর্যন্ত বিদ্রোহীদের ওপর সেনাবাহিনীর চলমান অভিযানে ৪০ বিদ্রোহী নিহত হয়েছে।
গত সপ্তাহে সেনাবাহিনীর হামলায় ২৬ বিদ্রোহী নিহত হওয়ার পর ফার্ক শুক্রবার অস্ত্রবিরতি প্রত্যাহার করে এবং উভয়পক্ষের মধ্যে শান্তি আলোচনা স্বল্পসময়ের জন্য স্থগিত হয়ে যায়।
হাভানায় রিভোল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-এর সঙ্গে সরকারের দ্বিপক্ষীয় শান্তি আলোচনা অব্যাহত থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে সরকারি বিদ্রোহী সংগঠনটির ওপর সামরিক হামলা চালিয়ে আসছে।
এ ধরনের ঘটনা বিদ্রোহী সংগঠনটির সঙ্গে সরকারের চলমান শান্তি আলোচনাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
সূত্র- বাসস।
