গাজায় ইসরাইলের বিমান হামলা

আপডেট : ২৭ মে ২০১৫, ১৬:০১

 

গাজা উপত্যাকায় চার দফা হামলা চালিয়েছে ইসরাইলী বিমান বাহিনী। বুধবার এই হামলা চালানো হয়। গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপের কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হলো।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাফাহ, খান ইউনুস ও গাজা সিটিতে ইসলামি জিহাদের প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। তবে এতে তাত্ক্ষণিকভাবে প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি।

 
এর আগে মঙ্গলবার রাতে ফিলিস্তিনী ভূখন্ড থেকে একটি রকেট ইসরাইলের দক্ষিণাঞ্চলে এসে পড়ে। এতে কোন প্রাণহানি বা ক্ষতি হয়নি। তবে হামাস রকেট হামলার কথা স্বীকার করেনি।
 
ইসরাইলী সেনাবাহিনী জানায়, রকেট হামলার জবাবে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে চারটি সন্ত্রাসী অবকাঠামোয় বিমান হামলা চালানো হয়েছে।
২০১৪ সালে ৫০ দিনের সহিংসতা বন্ধে অস্ত্রবিরতির পর মঙ্গলবার গাজা থেকে তৃতীয়বারের মত রকেট নিক্ষেপ করা হলো। গত বছরের সহিংসতায় দুই হাজার ২০০ ফিলিস্তিনি ও ৭৩ জন ইসরাইলি নিহত হন। সূত্র: এএফপি।