মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির ঢামেকে মৃত্যু

আপডেট : ২৭ মে ২০১৫, ১৬:৫০
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি শামসুদ্দোহা (৯০) চিকিত্সাধীন অবস্থায় বুধবার মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। শামসুদ্দোহার বাড়ি কক্সবাজারের মহেশখালীতে।
 
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী জানিয়েছেন, শামসুদ্দোহা আজ দুপুরে মারা গেছেন।
 
হাসপাতাল সূত্র জানায়, শামসুদ্দোহাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২৫ মে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তিনি হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিত্সাধীন ছিলেন।
 
হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ময়নাতদন্তের জন্য শামসুদ্দোহার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।
 
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ২১ মে কক্সবাজারের মহেশখালী উপজেলার ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ২৪ মে ভোররাতে শামসুদ্দোহাকে গ্রেফতার করা হয়। ট্রাইব্যুনালে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।