'বিএনপি ভারত বিরোধী নয়'

আপডেট : ২৭ মে ২০১৫, ১৭:৪৮
 
বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, 'বিএনপি ভারত বিরোধী নয়। বরং প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক চায় বিএনপি।' তিনি আরো বলেন,'বিএনপি দেশ ও জনগণের স্বার্থে কথা বলে তাই সীমান্ত হত্যা ও তিস্তার পানি-বণ্টন নিয়ে ভারতের কর্মকাণ্ডের সমালোচনা করেছে। তার মানে এই নয়, আমরা ভারত বিরোধী'।
 
বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।এসময় দলের পক্ষ থেকে তিনি মোদীর আসন্ন বাংলাদেশ সফরকে স্বাগত জানান।
 
'বিএনপিকে ভারত বিরোধী রাজনীতি করে' এমন কথাকে তিনি সরকারের অপপ্রচার বলে আখ্যায়িত করেন। এসময় ভারতের সাথে সুসম্পর্কের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে এদেশের জনগণ তাকে উষ্ণ অভিনন্দন জানাতে প্রস্তুত। ভারতের প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।