অল্পের জন্য গুলি থেকে বাঁচলেন লিবিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ মে ২০১৫, ১৮:০৯
 
অল্পের জন্য আততায়ীর গুলি থেকে বেঁচে গেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল-থিন্নি।  তবে তার এক দেহরক্ষী আহত হয়েছেন।
 
সিনহুয়া বার্তা সংস্থা দেশটির ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, লিবিয়ার পার্লামেন্টের অস্থায়ী সদরদপ্তর তবরুক শহরের বিমানঘাঁটি থেকে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময়  তার গাড়িবহরে গুলি চালানো হয়। এতে তার দেহরক্ষী আহত হয়েছেন। নিরাপত্তাজনিত কারণে পার্লামেন্টের অধিবেশন বাতিল করার পরপরই এ ঘটনা ঘটল।
 
চার বছর আগে লিবিয়ার স্বৈরশাসক গাদ্দাফির পতন ঘটে। দেশটিতে বর্তমানে দু’টি পার্লামেন্ট ও দু’টি সরকার রয়েছে। এর একটিকে আন্তর্জাতিক অঙ্গন স্বীকৃতি দিয়েছে।