আসন্ন বাংলাদেশ সফরে পুরোপুরি ফিট খেলোয়াড়দের পাঠাতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এ লক্ষ্যে দলের ফিটনেস পরীক্ষা নিচ্ছে বোর্ড। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে- আগামী ১০ জুলাই শুরু হওয়া বাংলাদেশ সিরিজের জন্য নির্বাচিত প্রত্যেক খেলোয়াড়কে এবার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিসিসিআই সম্পাদক অনুরাগ ঠাকুর পত্রিকাটিকে বলেন, ‘আমরা দেখেছি অতি সম্প্রতি বেশ কয়েকটি সফরের মাঝখানে কিছু খেলোয়াড় ভেঙ্গে পড়েছে। এমনটা যাতে আর না ঘটে— আমরা এই ব্যাপারে নিশ্চিত হতে চাই।’
দল ঘোষণার পর আগামী ৬ জুন ফিটনেস পরীক্ষার অনুষ্ঠিত হবে। ৭ জুন বাংলাদেশে পৌঁছাবে ভারতীয় দল। নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ তারিখ একমাত্র টেস্ট শুরু হবে। এরপর ১৮, ২১ ও ২৪ জুন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে এবার আর যেন তেন ফিটনেস পরীক্ষা দিয়েই খেলোয়াড়রা ভারত দলে সুযোগ পাচ্ছে না। পুরো দলকেই পুরোপুরি ফিটনেস পরীক্ষা দিয়ে এ সফরে আসতে হবে।
রবীন্দ্র জাদেজা এবং ভুবনেশ্বর কুমার যথাক্রমে কাঁধে ও পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে গত অস্ট্রেলিয়া সফরের মাঝ পথেই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। বোর্ডের অপর একটি সূত্র জানিয়েছে, গত বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বিতর্কিত ঘটনাও এমন ফিটনেস পরীক্ষার কারণ। বিশ্বকাপে বাংলাদেশ দারুণ নৈপুণ্য দেখিয়েছে। এরপর দলটি নিজ মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। তাই টাইগারদের এমন নজর কাড়া পারফরমেন্সকে হিসেবে রেখেই কোন প্রকার ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই।
ভারত এ সফরে দ্বিতীয় সারির দল পাঠাতে যাচ্ছে বলে কোন কোন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। তবে শেষ পর্যন্ত পূর্ণ শক্তির দলই তারা ঘোষণা করেছে। সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ইতোমধ্যেই বাংলাদেশের বিপক্ষে সতর্ক হতে পরামর্শ দিয়েছেন ভারতীয় বোর্ডকে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জ আসতে পারে বিবেচনা করেই এমন সতর্ক পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিসিআই।—বাসস
