মোদীর আগমনে সাজবে ঢাকা

আপডেট : ২৮ মে ২০১৫, ০০:৩৭

চিরচেনা সড়কগুলো বদলে যাবে। ধুলাবালি মুক্ত, ঝকঝকে তকতকে হবে। সড়ক বিভাজকে (ডিভাইডার) থাকবে বর্ণিল আলোকচ্ছটা। সড়কদ্বীপের দেশি-বিদেশি গাছগুলোকে পরিচর্যা দিয়ে জাগিয়ে তোলার চেষ্টা থাকবে। ফোয়ারায় থাকবে আলো-ছায়ার খেলা। পানির ছোঁয়ায় শহরের দৃষ্টিনন্দন ভাস্কর্যগুলো ফের প্রাণ ফিরে পাবে। আর এমনটা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে। নতুন সাজে সাজবে ঢাকা। বদলে যাবে চিরচেনা রাজধানীর দৃশ্যপট। হবে আরও অপরূপা ঢাকা।

 
মোদীর আগমন ঘিরে সাজছে ঢাকা। আগামী ৬ জুন দুই দিনের সফরে ঢাকা আসবেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া সঙ্গে বেশ কয়েকজন মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর অতিথি হয়ে আসার কথা রয়েছে। এই সফরকে কেন্দ্র করে নতুন করে রাজধানী ঢাকাকে সাজাতে একটি বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠক থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে সৌন্দর্য বর্ধনের নির্দেশ দেয়া হতে পারে বলে সূত্র নিশ্চিত করেছে।
 
তবে ভারতের প্রধানমন্ত্রীর আগমনের খবরে আনুষ্ঠানিক নির্দেশনার আগেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করে দিয়েছে সিটি করপোরেশন। এছাড়া করপোরেশন বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কাজ করতেও প্রস্তুত দুই সিটি করপোরেশন।
 
জানা গেছে, পতাকা ও ছবিতে সাজছে ঢাকা। ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে কেন্দ্র করে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোকে পতাকা আর ছবিতে সাজানো হবে। বিভিন্ন সড়কে পতাকার পাশাপাশি দুই দেশের প্রধানমন্ত্রীর ছবি টানানো হবে। বিলবোর্ডের মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হবে।
 
রাজধানীর বিভিন্ন সড়কে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় পতাকা শোভা পাবে। রঙিন ফেস্টুন, আনন্দ পতাকা ও বেলুন দিয়ে সাজানো হবে রাস্তার দু’পাশ। সড়কের দু’পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হবে। কোন স্থাপনা দৃষ্টিকটু মনে হলে সেটা পর্দা দিয়ে ঢেকে দেয়া হবে। রাস্তার খানাখন্দ ও বড় গর্তগুলো ভরাট করে কার্পেটিংয়ের কাজ করা হবে জানা গেছে।
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে কোন দায়িত্ব করপোরেশনকে দেয়া হয়নি। তবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে করণীয় ঠিক করা হবে। যে দায়িত্ব দেয়া হবে সেটাই পালন করতে আমরা প্রস্তুত। তবে দুই সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে দেয়া হলে কাজে গতি থাকবে।
 
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রদান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়ে জেনেছি। বৃহস্পতিবার এই বিষয়ে একটি সভা পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়ার কথা রয়েছে। সেখান থেকে যে দায়িত্ব দেয়া হবে সেটা আন্তরিকভাবে পালন করা হবে। তবে ইতিমধ্যে রাস্তাঘাট মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। এটা অবশ্য করপোরেশনের রুটিন ওয়ার্ক।
 
মোদীর সফরে আসছেন ৮০  জনের বেশি সাংবাদিক
 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ৮০ জনেরও বেশি সাংবাদিক বাংলাদেশে আসবেন। তাঁরা আসবেন তাঁদের প্রতিষ্ঠানের উদ্যোগে। এর বাইরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আরো ১০ জন সাংবাদিক/কর্মকর্তা আসতে পারেন। গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদের এ বিষয়ে আলোচনা হয়। সেখানে ওই সাংবাদিকদের ভিসাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে আলোচনা হয়।