মার্কিন প্রেসিডেন্ট ওবামার মেয়েকে বিয়ে করতে অভিনব প্রস্তাব দিয়েছেন কেনিয়ার এক তরুণ আইনজীবী। ওই আইনজীবী জানিয়েছেন, ওবামা মালিয়াকে তার হাতে তুলে দিলে তিনি শ্বশুর সাহেবকে গরু, ভেড়া এবং ছাগল উপহার দিবেন। আগামী জুলাইয়ে ওবামা যখন কেনিয়া সফর করবেন তখন তিনি ওবামার কাছে এই প্রস্তাব দেয়ার পরিকল্পনা করছেন। উল্লেখ্য, ওবামার বাবার জন্ম কেনিয়ায়।
বিশ্বের ক্ষমতাশালী দেশের প্রেসিডেন্ট ওবামা। তার মেয়েকে বিয়ে করার আগ্রহ আছে অনেকেরই। যেমন ব্রিটেনের রাজকুমার হ্যারিকে বিয়ে করতে অনেক মেয়েই আগ্রহ প্রকাশ করেন। হ্যারিকে বিশ্বের সবচেয়ে বেশি বিবাহযোগ্য পাত্র বলে মনে করা হয়। আইনজীবী ফেলিক্স কিপরোনো জানান, ২০০৮ সালে মালিয়ার বয়স যখন ১০ বছর তখন থেকেই তার প্রতি আমার আকর্ষণ সৃষ্টি হয়। সত্যি বলতে কি, আমি এখন পর্যন্ত কোনো মেয়ের সঙ্গে সেরকমভাবে সময় কাটাইনি। আমি কথা দিচ্ছি, মালিয়ার প্রতি আমি বিশ্বস্ত থাকবো। মালিয়ার জন্য আমার ভালবাসায় কোনো খাদ নেই। তিনি জানান, উপঢৌকন হিসাবে তিনি ‘শ্বশুর’ ওবামাকে ৫০টি গরু, ৭০টি ভেড়া এবং ৩০টি ছাগল দেবেন। কেনিয়ার রাজধানী নাইরোবির একটি পত্রিকাকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন। আগামী জুলাইয়ে সফরের সময় ওবামা যাতে মালিয়াকে সঙ্গে আনেন সেই অনুরোধ জানিয়ে একটি চিঠিও ওবামার কাছে লিখেছেন। ফেলিক্স আরো বলেন, আমি মালিয়াকে নিয়ে সাধারণ জীবন-যাপন করতে চাই এবং তাকে কেনিয়ার মেয়েরা কিভাবে রান্না করে তাও শেখাতে চাই। -স্কাই নিউজ
