‘সিগারেটের মোড়কে সচিত্র সতর্কবাণী বাধ্যতামূলক হচ্ছে’

আপডেট : ২৮ মে ২০১৫, ১৬:৫৭
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী বছরের মার্চ থেকে তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী দিতে হবে।
 
একইসঙ্গে বিড়ি ও সিগারেটের খুচরা বিক্রি বন্ধ, খোলা সাদা পাতা বিক্রি নিষিদ্ধ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণের উদ্যোগও নেয়া হবে বলে জানান তিনি।
 
বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন প্রতিমন্ত্রী।
 
প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) আইন বাস্তবায়নে যথেষ্ট অগ্রগতি হলেও কয়েকটি ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়ে গেছে।
 
তিনি বলেন, তামাকজাত দ্রব্যের বিক্রয় স্থলে বিজ্ঞাপন সরবরাহ করে আইন লঙ্ঘনে উৎসাহী করছে তামাক কোম্পানিগুলো। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ বিজ্ঞাপন অপসারণ করার উদ্যোগ নেয়া হবে।
 
সামনের বাজেটে তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধির সুপারিশ করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তামাকজাত দ্রব্যের সর্বনিম্ন মূল্য বাড়াতে হবে। বিড়ি, সিগারেটের খুচরা বিক্রি বন্ধ ও খোলা সাদাপাতা বিক্রি নিষিদ্ধ করতে হবে।