‘উন্নয়নে সেনাবাহিনী আরও ব্যাপকভাবে অংশ নেবে’

আপডেট : ২৮ মে ২০১৫, ২৩:৫৭
উন্নয়ন কাজে বাংলাদেশের সেনাবাহিনী আরও ব্যাপকভাবে অংশ নেবে এবং সেনাবাহিনীর আধুনিকায়নে বিশ্বাসী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
সাম্প্রতিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। 
 
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর জেনারেলস কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
 
শেখ হাসিনা বক্তব্যে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের চার লেইনে উন্নীত করা, ২৪ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ নির্মাণ, হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রানওয়ে উন্নয়ন, রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতি সৌধের সৌন্দর্য বর্ধনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সেনাবাহিনীর কাজের প্রশংসা করেন।
 
তিনি বলেন, এ সব উন্নয়নমূলক কাজের মাধ্যমে সেনাবাহিনী জনগণের আস্থা অর্জন করেছে। এ ধরনের জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনাদের সম্পৃক্ততা জাতি আরও ব্যাপকভাবে প্রত্যক্ষ করবে বলে আমি আশা রাখি। 
 
শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নির্মাণ কাজের তদারকিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বভার সেনাবাহিনী অত্যন্ত নিষ্ঠার সাথে সম্পন্ন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।