রাজধানীর মতিঝিলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ‘অস্ত্র ও মাদক বিক্রেতা’ নিহত হয়েছেন। র্যাবের দাবি—নিহত আলতাফ হোসেন সাগরের (৩৭) বিরুদ্ধে ঢাকার মতিঝিল, খিলগাঁও ও রমনা থানায় অস্ত্র ও মাদক আইনের দশটি মামলা রয়েছে। তার বাড়ি বাগেরহাটে।
র্যাব-৩-এর অধিনায়ক গোলাম সারোয়ার বলেন, ‘বুধবার দিনগত রাত ১টার দিকে মতিঝিলের একটি কমিউনিটি সেন্টারের পাশে টিনশেড গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে একটি পিস্তল, একটি গুলি, এক হাজারের বেশি ফেনসিডিলের বোতলসহ ও লাল রঙের একটি গাড়ি জব্দ করা হয়। ওই কমিউনিটি সেন্টারের পাশের কয়েকটি টিনশেড গ্যারেজে অস্ত্র ও মাদক থাকার খবরে র্যাবের একটি বিশেষ দল রাতে অভিযানে যায়। এ সময় একটি গ্যারেজ থেকে গুলির শব্দ আসে। র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে একপর্যায়ে দুর্বৃত্তরা পিছু হটে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে সাগরকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। র্যাব সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।’
গোলাম সারোয়ার আরো বলেন, ‘অভিযানের সময় সাগরের ব্যবহার করা লাল রঙের গাড়িটিতে ফেনসিডিল রাখা ছিল। একই সময়ে আশপাশের আরো কয়েকটি গ্যারেজে অভিযান চালিয়ে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’
