সালাহউদ্দিন ফের হাসপাতালে

আপডেট : ২৮ মে ২০১৫, ২২:০৩
 
 
‘নিখোঁজর’-এর দুই মাস পর ভারতের শিলংয়ে গ্রেপ্তার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে বুকে ব্যথা অনুভব এবং রাতে ঘুম না হওয়া কারণে কারাগার থেকে আবার হাসপাতালে নেয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমেদকে গত ১১ মে মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে গ্রেপ্তারের পর বুধবার প্রথম আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের জেল দিয়ে কারাগারে পাঠান। কারাগারে নেয়ার ছয় ঘণ্টা পর তাকে আবার মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স, শিলং (নেগ্রিমস) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিলং টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে—বুকে ব্যথার অভিযোগ করায় আদালতের নির্দেশনায় সালাহউদ্দিনের স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগার থেকে নেগ্রিমস হাসপাতালে নেয়া হয়েছে। চিকিত্সকরা তার শারীরিক অবস্থাকে ‘স্থিতিশীল’ বলে মঙ্গলবার ছেড়ে দিলে তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়। কিন্তু বুধবার আদালতে হাজির করার পর সালাহউদ্দিন বুকে ব্যথা থাকার কথা জানালে তাকে কারাগারে পাঠানোর আগে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতেও পুলিশকে নির্দেশ দেন বিচারক।
সালাহউদ্দিনের আইনজীবী এসপি মহন্তকে উদ্ধৃত করে শিলং টাইমসের প্রতিবেদনে বলা হয়—বুকে ব্যথা ও ঘুম না হওয়ার কারণে তার চিকিত্সার ব্যবস্থা নিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন বিচারক।
কারা হেফাজতের আদেশ দেয়ার পর সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন—বুকে ব্যথা অনুভব করায় তার আরো চিকিত্সার প্রয়োজন। চিকিত্সার ব্যবস্থা করায় কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান তিনি।
ইস্ট খাসি হিলসের এসপি এম খারক্রাংকে উদ্ধৃত করে খবরে বলা হয়—নেগ্রিমস হাসপাতাল থেকে পরামর্শ দেয়া হয়েছিল যে সালাহউদ্দিন বুকে ব্যথার কথার জানালে তাকে চিকিত্সা দিতে হবে।
প্রতিবেদনে আরো বলা হয়—মঙ্গলবার ছাড়া পাওয়ার সালাহউদ্দিনকে সদর থানায় নিয়ে মেঘালয়ে প্রবেশের কারণ সন্ধানে জিজ্ঞাসাবাদ করা হয়।