বোল্টের সহজ জয়

আপডেট : ২৮ মে ২০১৫, ২২:২৮
 
উসেইন বোল্ট চলতি বছরে ইউরোপে প্রথম দৌড়াতে এসেই সহজ জয় পেয়েছেন। তবে ২০০ মিটারে ২০ সেকেন্ডের বাধা পেরুতে পারেননি জামাইকার এই গতিমানব। এই ইভেন্টে ১৯.১৯ সেকেন্ডে দৌড়ানোর বিশ্ব রেকর্ডটি তার।
 
বোল্ট চেক প্রজাতন্ত্রের তৃতীয় বৃহত্তম শহর অস্ত্রাভায় গোল্ডেন স্পাইক মিটে গত মঙ্গলবার দৌড় শেষ করতে সময় নেন ২০.১৩ সেকেন্ড। আর্দ্র আবহাওয়ায় তিনি এ দিন হারান যুক্তরাষ্ট্রের ইসিয়াহ ইয়ংকে।
 
জ্যামাইকার ছয়বারের অলিম্পিক স্বর্ণজয়ী এই স্প্রিন্টার আগস্টে বেইজিংয়ে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বোল্ট অবশ্য এপ্রিলে জ্যামাইকায় ২০.২০ সেকেন্ডে দৌড়িয়ে ২০০ মিটারে মৌসুমের সেরা নৈপুণ্য দেখিয়েছিলেন। তবে তিনি যে কাঙ্ক্ষিত অবস্থানে পৌছাতে পারেননি সেটা স্বীকার করেন এদিন।
 
বোল্ট দৌড় শেষে বলেন,‘আমার স্রেফ নিজেকে দৌড়ানোর মতো অবস্থায় পৌঁছানোর চেষ্টা করা দরকার।’ ২০১৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার, ২০০ মিটার ও স্প্রিন্টের রিলেতে সোনা জেতা এই জামাইকান বলেন,‘আমি সত্যিই চেয়েছিলাম (২০০ মিটারের রেকর্ডটি)। কিন্তু কন্ডিশন আমাকে তা করতে দেয়নি। তাছাড়া আমি ইনজুরি থেকে ফিরেছি, কাজেই কিছুটা সময় লাগবে।’