কোপা আমেরিকা:মেসি-অ্যাগুয়েরোর সঙ্গে নতুন মুখ ক্যাস্কো

আপডেট : ২৮ মে ২০১৫, ২২:৩৫
 
আর্জেন্টিনা আগামী মাসে চিলিতে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। লিওনেল মেসি এবং সার্জিও অ্যাগুয়েরোর সঙ্গে দলটিতে জায়গা পেয়েছেন নতুন মুখ মিল্টন ক্যাস্কো। ক্লাব নিওয়েলের এই লেফট-ব্যাক বেশ ক’মাস ধরেই আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোর নজরে ছিলেন। এই কোচের তত্ত্বাবধানেই নিওয়েল আর্জেন্টিনার লিগ শিরোপা জিতেছিলেন ক্যাস্কো।
 
মার্টিনোর দলে ডাক পেয়েছেন এভার বেনেগা। এই মিডফিল্ডার গত বছর জাতীয় দলের হয়ে ব্রাজিল বিশ্বকাপে জায়গা না পেলেও গত বুধবার পোল্যান্ডের ওয়ারশতে ইউরোপা লিগের ফাইনালে নিপ্রোপেত্রোভস্কের বিপক্ষে সেভিয়াকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন। ১৯৯৩ সালের পর আবারো কোপা আমেরিকা জয়ের মিশনে ব্রাজিল বিশ্বকাপের রানার্স-আপ আর্জেন্টিনার নেতৃত্ব দেবেন বার্সেলোনা তারকা মেসি।  
 
কার্লোস তেভেজ দীর্ঘ বিরতির পর গত বছরের শেষ দিকে জাতীয় দলে ফেরার পর কোপা আমেরিকার জন্যও যে ডাক পাবেন তা প্রত্যাশিতই ছিল। যদিও একাদশে জায়গা পেতে সতীর্থ সার্জিও অ্যাগুয়েরো এবং গঞ্জালো হিগুয়েনের সঙ্গে লড়তে হবে জুভেন্তাসের এই ফরোয়ার্ডকে। ২০১১ সালে নিজেদের মাঠে অনুষ্ঠিত কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে আর্জেন্টিনার বাদ পড়ার পর দীর্ঘদিন জাতীয় দলে উপেক্ষিত ছিলেন তেভেজ।
কোচ মার্টিনো কোপা আমেরিকা সামনে রেখে যথাযোগ্য একাদশ গড়ার দিকে মনোযোগ দিচ্ছেন। একাধিক বিকল্প থাকায় এখনো চূড়ান্ত একাদশ বাছাই করতে পারেননি তিনি। প্রতিদিনের অনুশীলন থেকে আদর্শ একাদশ গড়ার জন্য বাকি খেলোয়াড়দের খুঁজে নেবেন বলে লা ন্যাশিয়ন পত্রিকাকে জানান বার্সেলোনার সাবেক কোচটি।
 
মার্টিনোর দলের চারজন খেলোয়াড় ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন বলে কোপা আমেরিকার জন্য শেষ মুহূর্তে গিয়ে স্বাগতিক চিলিতে পৌঁছাবেন। এরা হলেন বার্সেলোনার মেসি ও জাভিয়ের ম্যাশেরানো এবং জুভেন্তাসের তেভেজ ও রবার্তো পেরেইরা। এই আর্জেন্টাইনরা ৬ জুনে বার্লিনে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবেন। 
 
কোপা আমেরিকার এবারের আসরের পর্দা উঠবে ১১ জুন। ‘বি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা ১৩ জুন টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে প্যারাগুয়েকে, মার্টিনোর তত্ত্বাবধানে যেই দল ২০১১ সালের আসরে বুয়েন্স আয়ার্সে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছিলো। গ্রুপ পর্বে মেসিবাহিনীর অপর দুই প্রতিপক্ষ উরুগুয়ে এবং জ্যামাইকা।
 
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: সার্জিও র্যামোস, নাহুয়েল গাজম্যান, ম্যারিয়ানো অ্যান্ডুজার
 
ডিফেন্ডার: ফ্যাকান্দো রনক্যাগলিয়া, পাবলো জাবালেতা, মার্টিন ডেমিচেলিস, এজিকুয়েল গ্যারে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস রহো, মিল্টন ক্যাস্কো।
 
মিডফিল্ডার: জাভিয়ের মাশেরানো, লুকাস বিগলিয়া, এভার বেনেগা, রবার্তো পেরেইরা, ফার্নান্দো গ্যাগো, অ্যাঞ্জেল ডি মারিয়া, এরিক লামেলা, জাভিয়ের পাস্তোরে।
 
ফরোয়ার্ড: লিওনেল মেসি, কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়াইন, সার্জিও আগুয়েরো, এজিকুয়েল লাভেজ্জি।