চার দেশে চালু হচ্ছে সড়ক যোগাযোগ

আপডেট : ২৯ মে ২০১৫, ১২:০৭

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর আদলে দক্ষিণ এশিয়ার চার দেশ বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে আগামী ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের সচিব পর্যায়ের বৈঠক ‘মোটর ভেহিকল ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট’ শীর্ষক একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনের সেমিনারকক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ষষ্ঠ সভায় প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব তথ্য জানান।

 
ওবায়দুল কাদের বলেন, এ চুক্তির ফলে ইইউ দেশগুলোর আদলে এই চারটি দেশের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং অতি দ্রুত তা বাস্তবায়ন হবে। তবে এই যোগাযোগ ব্যবস্থা পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রসঙ্গত, বর্তমানে সড়ক পথে নেপাল বা ভুটানের সঙ্গে বাংলাদেশের সরাসরি কোনো যোগাযোগ নেই। তবে সীমান্তে গিয়ে গাড়ি বদলে ভারত হয়ে নেপাল বা ভুটানে যাওয়া যায়।
 
সমন্বিত কার্যক্রম পরিচালনার মধ্যদিয়ে রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত এবং সমৃদ্ধ মহানগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন,  ঢাকা মহানগরীর ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি বিলবোর্ড অপসারণ, অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণসহ নগরবাসীর দুর্ভাবনাহীন ও নিরাপদ চলাচল এবং স্বাচ্ছন্দ্য নাগরিক জীবন সুনিশ্চিত করতে আগামী ১৫ জুলাই থেকে পুরো ঢাকায় সমন্বিত অভিযান চলবে। এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের তত্ত্বাবধানে ১ জুন নগরীর গুলিস্তান এলাকায় ফুটপাত দখলমুক্ত করাসহ পরিচ্ছন্ন অভিযান চালানো হবে। অপরদিকে ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক আগামী ১২ জুন রাজধানীর ফার্মগেট এলাকা থেকে পরিচ্ছন্ন অভিযান শুরু করবেন।
 
ওবায়দুল কাদের সরকারি জমি বিশেষ করে রেলওয়ে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগ (এলজিআরডি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও সড়ক বিভাগের যে জমি-জায়গা বেদখলে রয়েছে তার সুনির্দিষ্ট তালিকা তৈরি করে আগামী ১৫ দিনের মধ্যে ডিটিসিত্র’র কাছে জমা দেয়ার নির্দেশনা দেন। রাজধানীর যানজট হ্রাস সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যানজটমুক্ত ঢাকা গড়তে আমাদের চেষ্টায় কোন ত্রুটি নেই। আমরা সংশ্লিষ্ট মালিক সমিতির নেতাদের সাথে শিগগিরই বৈঠকে বসবো। এ সময় তিনি বৈঠকে উপস্থিত ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়রদ্বয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাদের সার্বিক সহযোগিতাসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে রাজধানীর যানজট সম্পূর্ণরূপে মুক্ত করতে না পারলেও সহনীয় পর্যায়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।
 
এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে বাস রাখার জায়গা বরাদ্দ না দেয়ায় সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান প্রকৌশলীকে তিরস্কার করেন ওবায়দুল কাদের। সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ প্রতিক্রিয়া দেখান মন্ত্রী। আগামী বুধবারের মধ্যে সংশ্লিষ্ট জায়গার বরাদ্দ নিশ্চিত করতে ওই দুই কর্মকর্তাকে নির্দেশ দেন সেতুমন্ত্রী। সেলিনা হায়াত আইভীর অপর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ মন্ত্রণালয়ের সচিবকে ভর্ত্সনা করেন সেতুমন্ত্রী।
 

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র, এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিবগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং ডিটিসিত্র’র আওতাধীন পৌরসভার মেয়রগণ উপস্থিত ছিলেন।