আন্দোলনে ব্যর্থ হয়ে খালেদা জিয়া এখন নিশ্চুপ

আপডেট : ২৯ মে ২০১৫, ০০:০৮

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া আন্দোলনের নামে ৯২ দিন দেশে সন্ত্রাস, অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করেও ব্যর্থ হয়েছেন, আদালতে আত্মসমর্পণ করে ঘরে ফিরে গেছেন। মানুষের বুকে পেট্রোলবোমা নিক্ষেপ এবং সহিংসতা ও নাশকতা সৃষ্টির মাধ্যমে আন্দোলনে যে বিজয় লাভ করা যায় না সেটা উপলব্ধি করতে পেরেই তিনি (খালেদা) এখন নিশ্চুপ ও নিস্তব্ধ হয়ে গেছেন। খালেদা জিয়ার এই আন্দোলন আইন প্রয়োগকারী সংস্থাদেরকে নিয়ে আমরা ব্যর্থ করেছি। গতকাল বৃহস্পতিবার কলাবাগান ক্রীড়া চক্র মাঠে ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর শাখা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, খালেদা জিয়া বিশ্ব ইজতেমা, স্বাধীনতা দিবস এবং অমর একুশে ফেব্রুয়ারির দিন হরতাল-অবরোধ করেছেন। এখন উনি উপলব্ধি করছেন যে আন্দোলনের পথ এটা নয়।

 
তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে কেউ কখনো কলঙ্কিত করতে পারেনি। অনেক সময় সুবিধাভোগী কেউ ছাত্রলীগে অনুপ্রবেশ করে সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে পারে। সেদিকে ছাত্রলীগের নেতা ও কর্মীদের খেয়াল রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার লক্ষ্যে অবিচল। তিনি তার লক্ষ্যে এগিয়ে চলেছেন।
 
‘বিএনপি কখনো ভারত বিরোধিতা করেনি, করবেও না’ মর্মে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘তাদের পয়দাই হয়েছিল ভারত বিরোধিতা করে। ২০০৮ সালের নির্বাচনেই তো তারা বলেছিল, নৌকায় ভোট দিলে বাংলাদেশ ভারত হয়ে যাবে। এখন মোদী আসছেন। তাই এ কথা। কথায় বলে ঠেলার নাম বাবাজি। ভূত পালায় যায় ডরে।’
 

ফুলে ফুলে সজ্জিত বর্ণিল মঞ্চের সামনে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি এসএম রবিউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, মহানগর উত্তরের সাবেক সভাপতি ইসহাক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক তানভীরুল হক প্রমুখ।